ঢাকা |
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চৌঢালু বিলে এবার খুন হয়েছেন আহসান উদ্দিন (৩৩) নামের এক বিলপ্রহরী। নিহত আহসান বড়ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার লাশটি চৌঢালু বিলের শীতলিবাড়ি সংলগ্ন ডোবা থেকে উদ্ধার হয়। লাশের শরীরের ২টি স্থানে জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে আহসানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দাসেরবাজার ইউনিয়নের নেরাকান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে।
সূত্র জানায়, শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিলের অন্য সহকর্মীরা আহসান উদ্দিনকে রাতের ভাত দিতে গিয়ে পাহারার নৌকায় পাননি। এ সময় সহকর্মীরা পাহারার নৌকায় তার শার্ট মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। পরে বিল ও আশপাশের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন সহকর্মীরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও আহসানকে না পেয়ে শনিবার ভোররাত সাড়ে ৩টায় নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহসানের খোঁজ করেও কোনো সন্ধান পায়নি।
শনিবার (২২ অক্টোবর) ভোর ৫টায় স্থানীয় লোকজন চৌঢালু বিলের শীতলিবাড়ি এলাকায় একটি লাশ পানিতে ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বড়লেখায় ওসি সহিদুর রহমানের যোগদানের পর থেকে গত দেড়মাসে ৬টি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক নৃশংস খুনের ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একটি খুনের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরও একটি খুনের ঘটনা। আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান, ব্রিটিশ নারী খুন হওয়ার পর সর্বশেষ গত ১৪ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে আপন ভাতিজার দা’র কোপে খুন হন আসুক উদ্দিন (৩৮) নামের অটোরিক্সাচালক। এ হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় খুন হলেন বিলপ্রহরী আহসান উদ্দিন। এসব একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষজন আইন-শৃঙ্ক্ষলা বাহিনীকে দায়ী করছেন। হত্যাকাণ্ডের পাশাপাশি সীমান্তবর্তী এ উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, জায়গা দখল, অপহরণ, সন্ত্রাসী হামলাসহ নানা অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।