নিউইয়র্কে কোনাগ্রামবাসীর বার্ষিক বনভোজন ২০২৬ সম্পন্ন

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউইয়র্কে কোনাগ্রামবাসীর বার্ষিক বনভোজন ২০২৬ সম্পন্ন


নিউইয়র্ক থেকে ইমরান হোসেন আলম:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত কোনাগ্রামবাসীর ঐতিহ্যবাহী বার্ষিক বনভোজন-২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) লং আইল্যান্ডের মনোরম ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায় বসবাসরত কোনাগ্রামের প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত কোনাগ্রামের উদ্যমী তরুণদের সুশৃঙ্খল ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা। তরুণদের অক্লান্ত পরিশ্রম ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে কোনাগ্রামবাসীরা পরিবার নিয়ে পার্কের নির্ধারিত পিকনিক এলাকায় জড়ো হতে শুরু করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কোনাগ্রামের শ্রদ্ধেয় মুরব্বিদের উপস্থিতি। গ্রামের প্রবীণ অভিভাবকেরা উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে আন্তরিকভাবে উৎসাহিত করেন এবং তাদের দিকনির্দেশনা ও দোয়া দেন।

প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে প্রবীণদের এই মিলনমেলা সৃষ্টি করে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু দুপুরের ভুরিভোজ, লাইভ বারবিকিউ, প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণসহ নানা আনন্দঘন আয়োজন।
ব্যস্ত প্রবাসজীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা দূরে সব বয়সী মানুষ সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে একসঙ্গে সময় কাটান এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে দলীয় ছবিতে অংশ নেন। এতে দিনব্যাপী আয়োজনের আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতির পাতায় স্থায়ী হয়ে থাকে।

পরিশেষে আয়োজক তরুণেরা বনভোজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য উপস্থিত সকল মুরব্বি ও কোনাগ্রামবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোনাগ্রামবাসীদের আরও বৃহৎ পরিসরে একত্রিত করে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মিলনমেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি 319 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ