কমলগঞ্জে ১৮ বছরের তরুণীর মৃত্যু চিরকুট ঘিরে নানা প্রশ্ন

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

কমলগঞ্জে ১৮ বছরের তরুণীর মৃত্যু  চিরকুট ঘিরে নানা প্রশ্ন

কমলগঞ্জ_ প্রতিনিধি _ (মৌলভীবাজার) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের দাবি করেছে তার পরিবার। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা জেসিকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলেও তিনি জানান।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 5 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ