ঢাকা |
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের (৩৮) আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পলি ক্লিনিকের স্টাফ নার্স লাক্সমী রংডিকে (২৪) কেন্দ্র করে ওঠা গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ। স্থানীয় একটি সূত্রে ছড়ানো গুঞ্জন—ক্লিনিক থেকে লাক্সমীকে অব্যাহতি না দেওয়াকে কেন্দ্র করে ঘটনার জটিলতা তৈরি হয়েছিল—বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন তিনি।
ডা. তানভীর আহমেদ জানান, পলি ক্লিনিকের প্রশাসনিক ও চাকরির নিয়ম মেনেই লাক্সমীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছিল। অব্যাহতি সংক্রান্ত কোনো জটিলতা বা বাধার প্রশ্নই ওঠে না।
ঘটনার বিবরণ দিয়ে ডা. তানভীর বলেন,
”আনুমানিক ৩-৪ মাস আগে লাক্সমী রংদে আমার কাছে এসে জানান যে তিনি ঢাকায় একটি চাকরির জন্য আবেদন করতে চান এবং তার জন্য অভিজ্ঞতার সনদ (Experience Certificate) প্রয়োজন। আমি তাকে আশ্বস্ত করি এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী তাকে অভিজ্ঞতার সনদ প্রদান করি। তিনি সেই সনদ দিয়ে আবেদনও করেন। তবে তিনি সেখানে চাকরি পেয়েছেন কি না, সে বিষয়ে পরবর্তীতে আমার কাছে আর কোনো তথ্য ছিল না।”
তিনি আরও স্পষ্ট করেন যে, ক্লিনিক ম্যানেজমেন্টের নিয়ম অনুযায়ী যেকোনো কর্মী চাকরি ছাড়তে চাইলে অন্তত এক মাস আগে কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে অবহিত করার নির্দেশনা রয়েছে। লাক্সমীও জানিয়েছিলেন, চাকরি চূড়ান্ত হলে তিনি নিয়ম অনুযায়ী এক মাস আগেই জানাবেন। ফলে তাকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও সত্যের অপলাপ।
ইলেকট্রিশিয়ান ইলিয়াছ হোসাইনের সাথে নার্স লাক্সমীর ব্যক্তিগত সম্পর্ক কিংবা কোনো দূরত্বের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. তানভীর আহমেদ জানান, তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তিনি বা ক্লিনিক কর্তৃপক্ষ কিছুই জানতেন না।
ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, তারা তদন্তকাজে পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। একটি অনাকাঙ্ক্ষিত আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রমান ছাড়া ক্লিনিক বা কোনো চিকিৎসকের নাম জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে পৌর এলাকার মুড়িরগুল গ্রামে নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন ইলিয়াছ হোসাইন। এ ঘটনায় ইলিয়াছের বাবা বাদী হয়ে বড়লেখা থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ নার্স লাক্সমী রংডিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে বড়লেখা থানা পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।