সিলেট-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

সিলেট-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের  বেহাল দশা, দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্ট :
সিলেট-চন্দরপুর-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি বেড়েছে যাত্রীদের ভোগান্তি।

সিলেট থেকে বিয়ানীবাজারে তুলনামূলক কম সময়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি। তবে চন্দরপুর থেকে বিয়ানীবাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক যাত্রী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খানাখন্দের কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় সময়ও বেশি লাগছে। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সিলেট-বিয়ানীবাজার যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এ সড়কের দুরবস্থা দ্রুত নিরসনে সিলেট ৬ আসনের (বিয়ানীবাজার – গোলাপগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাবে।

এই সংবাদটি 21 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ