সিলেটের কানাইঘাটে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৭

সিলেটের কানাইঘাটে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ  ২০ জন আহত
কানাইঘাট থেকে সংবাদদাতাঃ
সিলেটের কানাইঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রাজাগঞ্জ ইউপির দাওয়াদারী গ্রামের বড় মসজিদে জুমার নামাজের পর দু’পক্ষে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ৩ জনকে আটক করেছে। আহতদের মধ্যে ৯ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দুই জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে লিপ্ত দু’পক্ষই পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। আহত সাব ইন্সপেক্টর রাজিব মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট থানার ওসি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অ্যাসল্ট মামলা হবে। জানা যায়, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দাওয়াদারী গ্রামের রইছ উদ্দিন ও একই গ্রামের ইলিয়াস ও আবদুস সালাম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। তিন দিন পূর্বে ধানের হালির চারা নিয়ে সাবেক ইউপি সদস্য রইছ মেম্বার ও আবদুস সালাম সমর্থকদের বাকবিতণ্ডা হয়। বিষয়টি সামাজিক সালিশে নিষ্পত্তির জন্য গতকাল সকালে সালিশ বৈঠকে বসলে সেখানে দুই পক্ষে হাতাহাতি হয়। এ নিয়ে মসজিদে জুমার নামাজের পর পুনরায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এই সংবাদটি 967 বার পঠিত হয়েছে