রাতের আঁধারে কাটা হলো স্বপ্নের ফসল: বিশ্বনাথে নিঃস্ব কৃষক নুরুলের আহাজারি

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

রাতের আঁধারে কাটা হলো স্বপ্নের ফসল: বিশ্বনাথে নিঃস্ব কৃষক নুরুলের আহাজারি

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবে এক দরিদ্র কৃষকের স্বপ্ন তছনছ হয়ে গেছে। এক বিঘা জমিজুড়ে সযত্নে লালন করা ঢেঁড়স ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নষ্ট করা হয়েছে বেশ কয়েকটি কলাগাছও। এ ঘটনায় হতাশা আর কান্নায় ভেঙে পড়েছেন কৃষক নুরুল আমিন (২৬)।

ঘটনাটি ঘটেছে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে।

জানা যায়, দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়েও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি নুরুল আমিন। দেশে ফিরে নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে শুরু করেন সবজি চাষ। বাড়ির পাশে এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু ফসল বিক্রির ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা রাতের আঁধারে পুরো ক্ষেত কেটে নষ্ট করে দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে টাকা ধার করে এই চাষ করেছিলাম। আশা ছিল লাখ টাকার ফসল বিক্রি করবো। আমি কারো ক্ষতি করিনি, তারপরও কেন আমার সঙ্গে এমন করা হলো?”

স্থানীয় যুবক ফারুক আহমদ বলেন, “নুরুল খুবই ভালো মনের মানুষ। কৃষি কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন। এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা উচিত।”

ঘটনার খবর পেয়ে শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারিভাবে সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিত্তবান ও প্রবাসীদের অসহায় কৃষক নুরুল আমিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এই সংবাদটি 46 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ