আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহবাজপুর বাজার বণিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষ,কোষাধ্যক্ষ জাহিদ নিহত, আহত ৭, দোকান ভাংচুর -লুটপাট

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহবাজপুর বাজার বণিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষ,কোষাধ্যক্ষ জাহিদ নিহত, আহত ৭, দোকান ভাংচুর -লুটপাট

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরে আধিপত্য বিস্তার ও বাজারের মাশুল তোলা নিয়ে বিরোধের জেরে বণিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জাহিদ আহমদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পুরাতন বণিক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আব্দুস সালামের ছেলে শাহবাজপুর বাজার নতুন বণিক সমিতির সাধারণ সম্পাদক সজীব আহমদের দোকান ফ্যাশন দোকান ভাংচুর ও লুট করা হয়েছে ।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০২৪) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় শাহবাজপুর বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহবাজপুর বাজারে দুটি বণিক সমিতির মধ্যে বাজারের মাশুল আদায়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন গঠিত বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব আহমদ ব্যবসায়িক কাজে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের দ্বারা অপহৃত হন। পরে তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

নতুন গঠিত বণিক সমিতির সদস্যদের অভিযোগ, ওই অপহরণের ঘটনায় পুরাতন বণিক সমিতির কয়েকজন সদস্য সরাসরি জড়িত। এই অভিযোগের প্রতিবাদে শনিবার বিকেলে শাহবাজপুর বাজারে নতুন কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় পুরাতন বণিক সমিতির সদস্যদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় পুরাতন বণিক সমিতির কোষাধ্যক্ষ জাহিদ আহমদ গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করলে বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জাহিদ আহমদের নিহতের খবর ছড়িয়ে পড়লে জাহিদ আহমদের স্বজনরা আব্দুস ছালামের ছেলে সজীব আহমদের ‘লন্ডন ফ্যাশন’ দোকান ভাংচুর ও লুটপাট করে। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার রতন হাওলাদার বলেন, “লন্ডন ফ্যাশনে”র স্বত্বাধিকারী আব্দুল ছালাম ও তার ছেলে সজিব আহমদ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বণিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেন। এতে পুরাতন বণিক সমিতির কোষাধ্যক্ষ জাহিদ আহমদ নিহত হন।”

তিনি আরও জানান, নিহত জাহিদ আহমদের বাবা বাদী হয়ে আব্দুল ছালাম, তার ছেলে সজিব আহমদসহ নাম উল্লেখ করে ৫ জন অজ্ঞাতনামা আরো ১৫ জন কে আসামী করে মোট ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মামলার আসামীরা হচ্ছেন- ১নং আসামী আব্দুস ছালাম ২নং আসামী নুরুল হক, ৩নং আসামী সজীব আহমদ, ৪নং আসামী শিহাব উদ্দিন, ৫নং আসামী আব্দুল হক। অজ্ঞাতনামা ১৫ জন।

ঘটনার পর থেকে শাহবাজপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত করার চেষ্টা করছি।

এই সংবাদটি 1043 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ