নারায়ণপুরে পুলিশের জালে ইয়াবাসহ মাদক সম্রাট দুলু মিয়া

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

নারায়ণপুরে পুলিশের জালে ইয়াবাসহ মাদক সম্রাট দুলু মিয়া

স্টাফ রিপোর্টার:

ভাইরাল সাংবাদিক তাজু ইসলামের জন্মস্থান কুড়িগ্রামের দূর্গম চর নারায়ণপুরে অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক সম্রাট মোঃ দুলু মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। তবে একই চক্রের দুই মাদক কারবারি মোঃ হানিফ মিয়া (৩৮) ও মোঃ জাকির আলী (৩৬) ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে গেছেন।

গতকাল রাত ১১টায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার দুলু মিয়ার বাড়ি নারায়ণপুর ইউনিয়নের ওয়ার্ড-০২, চৌদ্দঘুড়ি এলাকায়। ভারতীয় সীমান্তবর্তী এই চরাঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্নতা ও দূর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরবঙ্গের অন্যতম মাদক চোরাচালান রুটে পরিণত হয়েছিল। ভাইরাল তাজু ভাইয়ের এলাকা হিসেবে পরিচিত এই জনপদে দীর্ঘদিন ধরে মাদকের করাল গ্রাস বাড়ছিল।

পুলিশ জানায়, ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের প্রযুক্তিগত সহায়তা ও সার্বিক নির্দেশনায় তিন মাদক কারবারির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। অভিযানে জেলের ছদ্মবেশ ধারণ করে সারাদিন নদীতে অবস্থান করেন পুলিশ সদস্যরা। এরপর রাতে অভিযান চালিয়ে দুলু মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বিশ্বাস জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই চক্রটির ওপর নজর রাখছিলাম। ভাইরাল তাজু ভাইয়ের এলাকা থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পলাতক দুই মাদক কারবারিকেও খুব শিগগির গ্রেফতার করা হবে।”

পলাতকদের বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “চর নারায়ণপুর সমাজ থেকে বিচ্ছিন্ন বা মাদকের জন্য মুক্ত কোনো জনপদ নয়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে। পলাতকরা যেখানেই থাকুক, তাঁদের খুঁজে বের করে গ্রেফতার করা সম্ভব হবে।”

উল্লেখ্য, চর নারায়ণপুর ভারতীয় সীমান্তবর্তী একটি দূর্গম চর এলাকা। সম্প্রতি ভাইরাল সাংবাদিক তাজু ইসলামের জন্মস্থান হিসেবে আলোচনায় আসা এই জনপদে ভৌগোলিক দুর্গমতার সুযোগে দীর্ঘদিন ধরে মাদক পাচারকারীরা সক্রিয় ছিল। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি 51 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ