ওসি সাঈদকে আদালতে তলব

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

ওসি সাঈদকে আদালতে তলব

ডেস্ক নিউজ:

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে আদালতে তলব করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারে অবহেলা ও গাফিলতির অভিযোগে আদালতের কাজে অসহযোগিতার দায়ে তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আদালত সূত্রে জানা গেছে, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮২-এর একটি মামলায় উলিপুরের বাসিন্দা ও পুলিশ কনস্টেবল জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দেন। আসামি পলাতক থাকায় তার স্থায়ী ঠিকানা উলিপুর এবং কর্মস্থল লালমনিরহাট উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা বাস্তবায়নের দায়িত্ব উলিপুর থানাকে দেওয়া হলেও আসামি পুলিশের একজন কর্মরত সদস্য হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়নি বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চরম অবহেলা ও গাফিলতি প্রদর্শন করেছেন। এ কারণে দ্য পেনাল কোড, ১৮৬০-এর ১৮৭ ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আদালত অবমাননার অভিযোগে বিষয়টি সুপ্রিম কোর্টকে অবহিত করা এবং অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ৩০ আগস্ট সকাল ৯টায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদেশের অনুলিপি রংপুর রেঞ্জের ডিআইজি, কুড়িগ্রামের পুলিশ সুপার এবং উলিপুর থানার ওসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আদালতের আদেশের কপি তিনি এখনও পাননি। কপি পাওয়ার পর প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। পরোয়ানা কার্যকর না হওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। কয়েকদিন আগে ঢাকা মহানগর পুলিশ থেকে এক কনস্টেবলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাটে কর্মরত ওই কনস্টেবলকে গ্রেফতারের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো ত্রুটি থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এই সংবাদটি 42 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ