ঢাকা ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
সিলেট প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধনের প্রায় তিন বছর অতিবাহিত হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ সেবাগ্রহীতাদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে বালাগঞ্জ উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়। সে সময় নির্মিত অফিস ভবন ও আবাসিক স্থাপনাগুলো বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের বিভিন্ন স্থান দিয়ে পানি চুঁইয়ে পড়ে এবং অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ২০ জুলাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উদ্বোধনের পর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনো সম্পন্ন হয়নি।
এদিকে নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, কাজে মেয়াদোত্তীর্ণ রড ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় স্থাপন করা রডে মরিচা ধরেছে এবং অন্যান্য নির্মাণসামগ্রীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভবনের নির্মাণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মকর্তা জানান, বর্তমান অফিস ভবনটি ঝুঁকিপূর্ণ ও অকার্যকর অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় বিভিন্ন কক্ষে পানি পড়ে এবং পর্যাপ্ত জায়গার অভাবে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। তিনি বলেন, নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তিও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নির্মাণকাজ শেষ করে ভবনটি ব্যবহারের উপযোগী করার পাশাপাশি নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনার কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং জনগণের ভোগান্তি ক্রমেই বাড়ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।