বিয়ানীবাজারে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

বিয়ানীবাজারে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিয়ানীবাজার প্রতিনিধি:সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকায় এলজিইডির সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণকৃত সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মোঃ মজির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ছাব্বির উদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার-সারপার সড়কের ধরমপুরী সেতু থেকে সারপার বাজার পর্যন্ত সড়কের দুই পাশের সামাজিক বনায়ন প্রকল্পের বৃক্ষরোপণের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে লিজ গ্রহণ করেন প্রবাসী ছাব্বির উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি প্রকল্পের গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে ভূমিকা রেখে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মে ঈদুল আজহার পূর্বে অভিযুক্ত মোঃ মজির উদ্দিন তাঁর বাড়ির সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় থাকা সামাজিক বনায়নের বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি সীমানা প্রাচীরের ক্ষতির অজুহাত দেখিয়ে উল্টো অশালীন আচরণ করেন। এমনকি প্রবাসী ছাব্বির উদ্দিন দেশে ফিরলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে জমিতে গাছগুলো রোপণ করা হয়েছিল তা একটি এজমালী (যৌথ মালিকানাধীন) সম্পত্তি। সংশ্লিষ্ট সম্পত্তিতে অভিযোগকারী প্রবাসীরও আইনগত অংশীদারিত্ব রয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে গাছগুলো কাটা হয়েছে।

এদিকে সামাজিক বনায়নের আওতাভুক্ত সরকারি গাছ কাটার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের জন্যও হুমকিস্বরূপ।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি অভিযোগের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়েও পাঠানো হয়েছে।এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন আমরা কাউকে গাছ কাটার পারমিশন দেইনি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি সামাজিক বনায়ন কর্মসূচির গাছ নিধনের এ ঘটনায় প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।

এই সংবাদটি 29 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ