আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দিরাই থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দিরাই থেকে গ্রেপ্তার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৪০)। তিনি একই গ্রামের ভূবন লাল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে বিকেলে ভুক্তভোগী শিশুটি খেলতে গিয়ে অভিযুক্তের বাড়িতে যায়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরদিন শিশুটিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা লক্ষ্মীকান্ত দাস বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সনত কুমার দেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জের দিরাই ঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, “ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এই সংবাদটি 26 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ