ঢাকা |
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
বিউবোকে কোম্পানীতে রূপান্তরের
প্রতিবাদে সিলেটে মিছিল-সমাবেশ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বৃহত্তর রাজশাহী, রংপুর বিতরণ অঞ্চলকে কোম্পানীতে রূপান্তরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিউবো সিলেটের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু ডিপে¬ামা প্রকৌশলী পরিষদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ বি-১৯০২। সমাবেশে সভাপতিত্ব করেন বিউবো বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল কাদির। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ বি-১৯০২ সিলেট-সুনামগঞ্জ’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিউবো বঙ্গবন্ধু ডিপে¬ামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইয়াছিন ইকরাম, সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সিলেট সুনামগঞ্জের সভাপতি শুক্কুর আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বৃহত্তর রাজশাহী, রংপুর বিতরণ অঞ্চলকে ৩০শে এপ্রিল কোম্পানীতে রূপান্তরের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় অথচ সারাদেশের বিদ্যুৎ শ্রমিকরা এতোদিন থেকে দাবি জানিয়ে আসছে কোন অবস্থায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর করা যাবে না। সরকারের একটি কুচক্রি মহল তাদের নিজেদের স্বার্থে রাজশাহী ও রংপুরকে কোম্পানিতে রূপান্তরিত করেছে। সারাদেশের বিদ্যুৎ প্রকৌশলীরা, শ্রমিকরা এই সিদ্ধান্ত স্থগিত না করা পর্যন্ত দেশব্যাপী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এই সিদ্ধান্ত বন্ধ করা না হলে তীব্র আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে।
একই দাবিতে আজ বুধবার সকালে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করবে বিউবোর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।
সিলেটে পাশবিক নির্যাতনকারী
শিক্ষক রাজা মিয়া গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সিলেটের উপকন্ঠের কুমারগাঁওয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতনকারী শিক্ষক রাজা মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)-এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালিগাঁও গ্রামের জনৈক শ্রমজীবীর ২য় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা গত সোমবার সন্ধ্যায় তার ছোট ভাইকে নিয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফিরছিল। পথে নলেজ হোম নামের একটি কিন্ডার গার্টেন স্কুলের সামনে দিয়ে আসার সময় রাজা মিয়া নামের ওই শিক্ষক তাদের ডেকে নেয় এবং কন্যা শিশুটিকে স্কুলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার ভাই দরজার বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর চিৎকার করে কন্যা শিশুটি পাষন্ড শিক্ষকের কবল থেকে বেরিয়ে এসে বাড়ীতে গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে ক্ষুব্ধ লোকজন ঐ শিক্ষককে খোঁজাখুজি শুরু করে। শিক্ষক রাজা মিয়াকে না পেয়ে তার বাড়ী ও স্কুল ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় উত্তেজিত জনতা প্রায় ঘন্টাকানেক সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ, এনাম মেম্বারসহ জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশবিক নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে জনতা অবরোধ তুলে নেয়।
টুকেরবাজার ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ জানান, শিশুটির শরীরে ক্ষত দেখা গেছে। পাশবিকতার ঘটনাটি নিশ্চিত হতে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজা মিয়াকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে কোর্টে চালান দেয়া হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আবুল খায়ের জানান, ওই শিক্ষক ন্যাক্কারজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ায় গত সোমবার রাতেই স্কুল পরিচালনায় কমিটি জরুরী বৈঠক কওে শিক্ষক রাজা মিয়াকে স্কুল থেকে বহিষ্কার করেছে।
সিলেটে ১৩ চেয়ারম্যান প্রার্থী
আঃলীগ থেকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার
দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিশ্বনাথ উপজেলায় পাঁচজন, গোলাপগঞ্জে চারজন ও দক্ষিণ সুরমায় চারজনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত সোমবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দেওকলস ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিন, বিশ্বনাথ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছয়ফুল হক,খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, রামপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আছাব উদ্দিন।
গোলাপগঞ্জ উপজেলার চার ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ভাদেশ্বর ইউনিয়নে সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান আশু ও লক্ষ্মীপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমদ মুশন।
দক্ষিণ সুরমায় বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোগলাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. চুনু মিয়া, দাউদপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আলম ও সিলাম ইউনিয়নে এম কে করিম কাওছার এবং মুজিবুর রহমান মেম্বার ।
এছাড়াও দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওসমানীনগরে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই
পুলিশ থানায় জিডি নেয়নি!
স্টাফ রিপোর্টার
ওসমানীনগরে পুলিশ পরিচয় দিয়ে একব্যক্তির গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার সময় ওসমানীনগর থানার পিছনের রাস্তায়। এ ব্যাপারে টমটম গাড়ির চালক ও মালিক থানার রঙ্গিয়া গ্রামের নজরুল ইসলাম ওসমানীনগর থানায় জিডি করতে গেলে থানা জিডি নেয়নি। ছিনতাই হওয়া লাল রংয়ের নতুন টমটম গাড়ির নাম খুশি পরিবহন এন্টারপ্রাইজ।
জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টার সময় চালক নজরুল ইসলাম তার টমটম গাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজার থেকে যাত্রী নিয়ে গোয়ালাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। ওসমানীনগর থানার পিছনের রাস্তার সম্মুখে যাওয়া মাত্র একজন লোক গাড়ি থামিয়ে এবং পুলিশের পরিচয় দিয়ে যাত্রী নামিয়ে দেয়। এ সময় চিন্তাইকারী পুলিশের পরিচয় দিয়ে বলে, আসামী ধরতে যাব গাড়ি নিয়ে যেতে হবে। চালক গাড়ি আবার বিপরীত দিকে ঘুরিয়ে তাজপুর বাজারের কদমতলাস্থ শ্যামলী কাউন্টারের সামনে আসলে থামতে বলে। গাড়ি থামালে এ সময় অপরিচিত আরেকজন লোককে গাড়িতে তুলে গাড়িটি দয়ামীরের দিকে যেতে বলে। গাড়িটি মহাসড়ক সংলগ্ন মিলন কমিউনিটি সেন্টারের সামনে যাওয়া মাত্র পুলিশ পরিচয় দেয়া লোকের সঙ্গে থাকা লোকটিকে জিজ্ঞেস করে তার গাড়ির কাগজ কোথায়? লোকটি বলে তার গাড়ির কাগজ কদতমতলায় রেখে এসেছি। তাকে বলে গাড়ির কাগজ আনার জন্য। ঐ লোকটি আসতে দেরি দেখে টমটম চালককে গাড়ি থেকে নামিয়ে ধমক দিয়ে চাবি নিয়ে বলে আগে চলে যাওয়া লোকটিকে আনার জন্য। টমটম চালক নজরুল পুলিশের কথামত ঐ লোকটিকে আনতে যায়। লোকটিকে খোজাঁখুজি করে না পেয়ে কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে দেখে গাড়ি ও পুলিশ পরিচয় দানকারী লোকটিও নেই। সে চারদিকে খোজাঁখুজি করে গাড়ি না পেয়ে সাথে সাথে থানায় এসে বিষয়টি অবহিত করে এবং জিডি করার কথা বললে পুলিশ জিডি নেয়নি। টমটমের চালক নজরুল গত রোববার সন্ধ্যার পর আবার জিডি করতে গেলে তার জিডি পুলিশ নেয়নি। পরিবারের রুটি রোজির একমাত্র মাধ্যম তার প্রায় দেড় লক্ষ টাকার টমটম গাড়ি হারিয়ে তিনি অন্ধকার দেখছেন।
এব্যাপারে টমটম গাড়ির চালক ও মালিক নজরুল ইসলাম বলেন, গাড়িটি ছিনতাইয়ের সাথে সাথে ওসমানীনগর থানায় গেলে এবং পুনরায় গেলে থানা জিডি নেয়নি। গত রোববার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে জিডি করতে পারিনি। আমার গাড়ির কাগজপত্র আছে। আমি রোজির একমাত্র বাহনটি ছিনতাই হওয়ায় পরিবার নিয়ে অন্ধকার দেখছি।
এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা সত্য নয়। তার গাড়ির কোন কাগজপত্র নেই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।