সিলেট-০৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সিলেট-০৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট-০৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সিলেট-০৬ বিয়ানীবাজার–গোলাপগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরীর পাশাপাশি আরও দুই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—ফয়ছল আহমদ চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদ্বয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি ছাড়া গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা ফখরুল ইসলাম, সৈয়দা আদিবা হোসেন এবং জাতীয় পার্টির আব্দুন নূরসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও উম্মে হাবিবা জানান, দুইজন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে এবং অন্যরা নিজস্ব প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৮ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত তাঁর কার্যালয় থেকে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষে ইফতেখার হোসেন চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর কার্যালয় থেকে ২৮ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে বিএনপি’র একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপি’র একজন দায়িত্বশীল নেতা জানান দলের হাইকমান্ড ইতোমধ্যে দলীয় মনোনীত প্রার্থীকে দলীয় পত্র প্রদান করেছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ সময় আগামীকাল ২৯ ডিসেম্বর (সোমবার)। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে আগামী ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি 615 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ