বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন আশিক নূর

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১

বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন আশিক নূর

বিয়ানীবাজারের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আশিক নূর। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার সন্তান। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছেন তিনি। ২৯ তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সর্বশেষ চট্রগ্রাম কালেক্টরেট অফিসে কর্মরত ছিলেন আশিক নূর।

মাঠ পর্যায়ের প্রশাসনে একজন পুরুষ কর্মকর্তার যে অভাব বোধ করছিলেন এখানকার জনগণ, আশিক নূরকে পেয়ে তা পূরণ হয়েছে। উপজেলাবাসীর যে কোন প্রয়োজনে যখন-তখন তাকে পাওয়া যাবে-এমন উচ্ছাসও আছে জনমনে।

সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন জানান, মফস্বলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বাছাইয়ে সরকারকে আরো মনোযোগী হতে হবে। ইউএনও পদে নারীকে পদায়ন অনেক সমস্যার সৃষ্টি করে।

এদিকে নবাগত ইউএনও আশিক নূরের পদায়নে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে গতি আসবে বলে মনে করা হচ্ছে। উপজেলায় বর্তমানে শেওলা স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম, মডেল মসজিদ নির্মাণ, মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প, খাসায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্প চলমান। এসব প্রকল্প তার নেতৃত্বে দ্রæত আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন তার সময়ে অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব নির্বাচনে সরকারি দলের প্রার্থী সংখ্যা বেশী হওয়ায় তখনকার পরিস্থিতি সামাল দেয়া হবে তার জন্য কঠিন পরীক্ষার।

এছাড়াও তার সময়ে উপজেলা প্রশাসনের নতুন ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন হতে পারে। চলমান করোনা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্টান খোলার পর নতুন চ্যালেঞ্জ গ্রহণ, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, মুজিব শতবর্ষ পালন, সহকারী কমিশণার (ভূমি) কার্যালয়ের অচলায়তন দূরীকরণ, নামজারী সংক্রান্ত হয়রানী দূর, সীমান্ত হাট স্থাপনা নিয়ে ভূমি জঠিলতা দূরীকরণ, রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা শেষে সামাজিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আশিক নূর।

যদিও বিয়ানীবাজারবাসীর সহায়তা নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগী ভূমিকা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন ইউএনও। তিনি বলেন, সরকারের স্বার্থবজায় রাখা ও জনগণের সেবা-এ দু’টি কাজ করার ইচ্ছা নিয়ে তিনি বিয়ানীবাজারে এসেছেন। কর্মক্ষেত্রে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে বিয়ানীবাজার থেকে প্রত্যাহার হওয়া ইউএনও মৌসুমী মাহবুবকে পরিকল্পনা মন্ত্রনালয়ে পদায়ন করা হয়েছে।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ