বিয়ানীবাজারে ৭ বছর পর ছেলেকে ফিরে পেলেন মা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

বিয়ানীবাজারে ৭ বছর পর ছেলেকে ফিরে পেলেন মা

 

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
বিয়ানীবাজারে নিখোঁজের সাত বছর পর ছেলেকে ফিরে পেয়েছেন মা। তাকে পেয়ে বাবা-মা ও আত্মীয় স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
কিশোর বয়সে হঠাৎ করে হারিয়ে যাওয়ার পর গত সোমবার তাকে পাওয়া যায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামে।
অচেনা যুবকের সন্দেহজনক ঘোরাফেরা দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে সেখানকার এক আত্মীয় তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেন। খবর পেয়ে পিতামাতা এসে তাকে বাড়িতে নিয়ে যায়।
ফিরে আসা যুককের নাম রুহুল আমিন। তিনি উপজেলার লাউতা ইউনিয়নস্থ বাইরগ্রামের সফির উদ্দিনের পুত্র।
রুহুল আমিন বলেন, ‘আমি কোনো এক জাহাজে ছিলাম। সেখানে আমার পায়ে শিকল পড়ানো থাকতো। এছাড়া আর কিছু আমার মনে পড়ছে না।’
জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর রুহুল স্থানীয় বারইগ্রাম বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরদিন এ ব্যাপারে থানায় জিডি করেন স্বজনরা।
এতদিনে তার কোনো হদিস না পেয়ে পরিবারও আশা ছেড়ে দেয়। কিন্তু দীর্ঘ সাত বছর পর হঠাৎ করে তাকে পেয়ে বাবা-মা ও আত্মীয় স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন মা। তাকে এক নজর দেখতে দুর-দুরান্ত থেকে স্বজনরা ছুটে আসছেন।
বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ বলেন, এ যুবকের মানসিক সমস্যা রয়েছে। তার কথাবার্তা অসংলগ্ন। তার সঙ্গে কথা বলেছি, জঙ্গি সংশ্লিষ্টতার কোনো আলামত পাওয়া যায়নি।

এই সংবাদটি 565 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ