সিলেটে বাসা ভাড়ার নামে অভিনব প্রতারণা

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

সিলেটে বাসা ভাড়ার নামে অভিনব প্রতারণা

সিলেট প্রতিনিধি :
সিলেটে বাসা ভাড়া নেওয়ার নামে বাড়ছে প্রতারণার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় ছবি ও কম ভাড়ার বিজ্ঞাপন দিয়ে বাসা ভাড়া দেওয়ার কথা বলে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।
ফেসবুকে পোস্ট করা হয় সুন্দর বাসার ছবি। সঙ্গে দেওয়া হয় কম ভাড়ার তথ্য ও মোবাইল নম্বর। কম টাকায় ভালো বাসা পাওয়ার আশায় আগ্রহীরা পোস্টে দেওয়া নম্বরে ফোন করলে শুরু হয় প্রতারণার মূল প্রক্রিয়া।
ফোনে বলা হয়—বাসাটি দ্রুত ভাড়া হয়ে যেতে পারে। তাই বাসাটি নিশ্চিত করতে আগে কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে। এমন কথায় বিশ্বাস করে অনেকেই বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পরই ঘটে বিপত্তি। বন্ধ হয়ে যায় মোবাইল ফোন। যোগাযোগের চেষ্টা করেও আর পাওয়া যায় না কথিত বাড়ির মালিক কিংবা মধ্যস্থতাকারীকে।
অভিযোগ রয়েছে, এসব পোস্টে অনেক সময় বাসার নির্দিষ্ট নম্বর বা পূর্ণ ঠিকানা দেওয়া হয় না। শুধু সিলেটের কোনো একটি এলাকার নাম উল্লেখ করে সম্ভাব্য ভাড়াটিয়াদের আকৃষ্ট করা হয়।
শুধু অ্যাডভান্সের নামেই নয়, আরেক ধরনের প্রতারণার অভিযোগও রয়েছে। কিছু চক্র ফেসবুকে বিভিন্ন এলাকার বাসা ভাড়ার তথ্য দেওয়ার কথা বলে সার্ভিস চার্জ হিসেবে ১০০ থেকে ১৫০ টাকা দাবি করে। টাকা নেওয়ার পর অনেক সময় আর কোনো তথ্য দেওয়া হয় না। পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করলেও পাওয়া যায় না তাদের।
আরও অভিযোগ রয়েছে, কিছু প্রতারক চক্র সিলেটে থাকা বাসা ভাড়া দেওয়ার বৈধ বা পরিচিত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করেও ফেসবুকে পোস্ট দিচ্ছে। এতে সাধারণ মানুষ প্রকৃত প্রতিষ্ঠান মনে করে সহজেই প্রতারণার ফাঁদে পড়ছেন।
বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, সিলেটে নতুন আসা ব্যক্তি ও পরিবারের সদস্যরা দ্রুত বাসা খোঁজার প্রয়োজনীয়তার কারণে এসব প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, বাসা ভাড়া দেওয়ার আগে কথিত বাড়ির মালিক বা প্রতিষ্ঠানের পরিচয় যাচাই না করেই টাকা পাঠানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ফেসবুকে ভুয়া বাসা ভাড়ার বিজ্ঞাপন ও বিকাশ নম্বর ব্যবহার করে প্রতারণার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের পরামর্শ—বাসা না দেখে, মালিকের পরিচয় ও পূর্ণ ঠিকানা যাচাই না করে কোনো ধরনের অ্যাডভান্স বা সার্ভিস চার্জ বিকাশে পাঠাবেন না। সন্দেহজনক কোনো বিজ্ঞাপন দেখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বাড়ির মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য নিশ্চিত করুন।
সিলেটে বাসা ভাড়ার নামে এই প্রতারণা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

এই সংবাদটি 39 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ