অগ্নিকাণ্ডে নিঃস্ব চার সদস্যের পরিবার, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

অগ্নিকাণ্ডে নিঃস্ব চার সদস্যের পরিবার, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই

মোঃ সাব্বির হোসেন, গলাচিপা পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোসাঃ তানিয়া আক্তার ও মোঃ শামিম ইসলামের ছোট টিনের বসতঘরে আগুন লাগার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

এ সুযোগে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পরিবারের দাবি, আগুনে ঘরে থাকা প্রায় ৬০ হাজার টাকা নগদ, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড়-সহ দৈনন্দিন ব্যবহারের সব মালামাল পুড়ে গেছে।

চার সদস্যের এ পরিবারটি, যার মধ্যে একটি শিশু রয়েছে, বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপনের আশঙ্কায় রয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

ফলে আগুন নিয়ন্ত্রণের আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এবং গলাচিপা থানার এএসআই মইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এদিকে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি তারা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

এই সংবাদটি 48 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ