বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগ, কলোনির মালিক কারাগারে

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগ, কলোনির মালিক কারাগারে

সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে নিজ কলোনির এক ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে কলোনির মালিক নুর উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ভুক্তভোগী ৫০ বছর বয়সী ওই নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় নুর উদ্দিনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত নুর উদ্দিন পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে।

মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে সিলেটের আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে টিএনটি রোড এলাকায় নুর উদ্দিনের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ৩ জুলাই অভিযুক্ত নুর উদ্দিন কাজের কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাকে কৌশলে একটি কক্ষে আটকে রাখা হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, ৩ জুলাই থেকে ১০ জুলাই সকাল ১০টার মধ্যে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। পরে ১০ জুলাই সকালে কৌশলে সেখান থেকে বের হয়ে তিনি আত্মরক্ষা করেন।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি 56 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ