সিলেটে প্রাইভেট হাসপাতালে অভিযান, ১৫ দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

সিলেটে প্রাইভেট হাসপাতালে অভিযান, ১৫ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্ট :
সিলেট মহানগরীতে লাইসেন্সবিহীন কার্যক্রম ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতালটিকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতাল এবং সংশ্লিষ্ট একটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী পরিচালিত অভিযানে হাসপাতালটির বৈধ লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
একই অভিযানে সুরমা ভ্যালী ফার্মেসিকেও বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জেলা প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। এর আগে হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতাল, মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল এবং শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এর মধ্যে সেফওয়ে হাসপাতালকে জরিমানার পাশাপাশি সিলগালা করা হয় এবং আল-বারাকা চক্ষু হাসপাতালকে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।

এই সংবাদটি 29 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ