রমযানে গরুর গোস্ত ৪২০ ও খাসি ৫৭০ টাকা

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২৭, ২০১৬

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে গরু, মহিষ ও ছাগলের  গোস্তের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে কেজি প্রতি দেশি গরুর গোস্ত ৪২০ টাকা, খাসির গোস্ত ৫৭০ টাকা, ভেড়া ও ছাগীর গোস্ত ৪৭০ টাকা এবং মহিষের গোস্ত ৪০০ টাকা দরে বিক্রি করতে রাজি হয়েছেন ব্যবসায়ীরা।
রমযানে গোস্তের দাম স্থিতিশীল রাখাসহ রাসায়নিকবিহীন ফল, বিশুদ্ধ খাবার বিক্রয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ইত্যাদি বিষয়ে গোস্ত ব্যবসায়ী, হোটেল/রেস্তোরাঁ, ফল ব্যবসায়ী নেতাদের সঙ্গে নগর ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এতে সভাপতিত্ব করেন।
সভায় মেয়র রমজান মাসে স্বল্প লাভে ধর্মপ্রাণ মুসল্লিদের খেদমতে সঠিক ওজনে দোকানে মূল্য তালিকা টাঙিয়ে মাংসসহ অন্যান্য পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি।
সভায় মাংস ব্যবসায়ীদের মধ্যে গোলাম মর্তুজা মন্টু, রবিউল হোসাইন বক্তৃতা করেন। ব্যবসায়ীরা কর্পোরেশনের নির্ধারিত দরে গোস্ত বিক্রি করবেন বলে মেয়রকে আশ্বস্ত করেন।
সভায় হোটেল, রেস্তোরাঁ ও ফল ব্যবসায়ীরা ছাড়াও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 1295 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ