সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে   শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়নে বিজ্ঞানচর্চার সাথে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছরই বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভাল শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসতে হবে। রসায়নকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, আজকের প্রজন্ম রসায়ন এবং বিজ্ঞানচর্চার মাধ্যমেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্যসচিব মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আফতাব আলী শেখ এবং অলিম্পিয়াডের আহ্বায়ক ড. মোঃ ওয়াহাব খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করে নটরডেম কলেজের দীপ্ত আকাশ বিশ্বাস। খুলনার সরকারি এম এম সিটি কলেজের ছাত্র মোঃ তামজিদ হোসেন তানিম দ্বিতীয় এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনিক মজুমদার তৃতীয় স্থান অর্জন করে।

এই সংবাদটি 1074 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ