মাদকাসক্ত ছেলে জাকিরের অত্যাচারে আতঙ্কে পরিবার, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছোট ভাই

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

মাদকাসক্ত ছেলে জাকিরের অত্যাচারে আতঙ্কে পরিবার, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছোট ভাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামে মাদকাসক্ত এক যুবকের অত্যাচারে আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার। অভিযুক্ত মো. জাকির হোসেন, পিতা- মো. ছমির উদ্দিন। তিনি পেশায় ফায়ার সার্ভিসের কর্মী হলেও দীর্ঘদিন ধরে মাদক সেবন, একাধিক বিয়ে এবং ভারতীয় চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির সুবাদে বাইরে থাকাকালীন পরিবারকে না জানিয়ে তিনি চারটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মোছা. সাথী আক্তার, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বাসিন্দা এবং তিন সন্তানের জননী। দ্বিতীয় স্ত্রী মোছা. লতা বেগম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকার বাসিন্দা এবং এক সন্তানের মা। বাকি দুই স্ত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, চাকরিতে যাওয়ার প্রলোভন দেখিয়ে পরিবারের জমি বিক্রি করে ৭ থেকে ৮ লাখ টাকা নিয়ে তিনি মাদক সেবন ও চোরাকারবারে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিনি আরও দুই লাখ টাকা ছোট ভাইয়ের কাছে দাবি করেন। টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ছোট ভাইকে হত্যার হুমকি দেন বলে পরিবার অভিযোগ করেছে।

পরিবারের সদস্যরা জানান, জাকির হোসেন প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করেন। কখনো খড়ের গাদায় আগুন লাগানোর চেষ্টা, কখনো বাড়িতে আগুন দেওয়ার হুমকি, আবার কখনো মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগীরা আরও জানান, তার বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও কার্যকর কোনো সহযোগিতা পাওয়া যায়নি। বরং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করা হয়েছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত জাকির হোসেন সাংবাদিকদের ওপরও চড়াও হন এবং অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ