দোয়ারাবাজারে শিশু মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

দোয়ারাবাজারে শিশু মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

মো: শাহ আলম
দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীনাথপুর গ্রামে ৮ বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সামনে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। পুরো এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২০ মার্চ মামুন প্রতিবেশী শিশুদের সঙ্গে হাওরে যাওয়ার পর নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় জনমনে চরম হতাশা বিরাজ করছে। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর ধীরগতির কারণে এখনো অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ অবস্থায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতারে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এই সংবাদটি 203 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ