সব জল্পনার অবসান: সিলেট-৪ আসনে নির্বাচনে যাচ্ছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

সব জল্পনার অবসান: সিলেট-৪ আসনে নির্বাচনে যাচ্ছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট ব্যুরো :
সিলেটের আলোচিত সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে নির্বাচন করার সম্মতি জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন।

আরিফুল হক চৌধুরী বলেন,

> “চেয়ারপার্সন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি সবসময়ই নেত্রীর নির্দেশ পালন করেছি, এবারও তাই করছি।”

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাঁকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সিলেট সিটির সাবেক এই মেয়র মূলত সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী ঘোষণা করার পর নতুন করে আলোচনায় আসে সিলেট-৪ আসন।

সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি রাখা হয়েছিল। এতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। সিটি মেয়র থাকাকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করেছিলেন।

এই সংবাদটি 229 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ