রমজানে ওমরাহ করতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা!

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

রমজানে ওমরাহ করতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা!

পবিত্র রমজানকে কেন্দ্র করে ওমরাহ পালনের পরিকল্পনা করা মুসল্লিদের জন্য দুঃসংবাদ রয়েছে। সময়মতো বুকিং না দিলে ওমরাহ প্যাকেজের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওমরাহ অপারেটরদের তথ্যমতে, রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মক্কা ও মদিনায় মুসল্লির চাপ বাড়বে। ফলে পরিবহন ও আবাসন—দুটো ক্ষেত্রেই ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যারা শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং দিতে দেরি করবেন, তাদের গুনতে হতে পারে দ্বিগুণ বা তারও বেশি টাকা।

বর্তমানে বাসযোগে ওমরাহ প্যাকেজের খরচ গড়ে প্রায় ১ হাজার ২০০ দিরহাম হলেও অল্প সময়ের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান শুরু হলে এই ব্যয় দুই হাজার দিরহাম ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, আকাশপথে ওমরাহর ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়তে পারে। বর্তমানে বিমানসহ প্যাকেজের দাম শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই ব্যয় বেড়ে ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে, এমনকি শেষ দশ দিনে তা ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে মসজিদুল হারামের আশপাশের হাঁটা দূরত্বের হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

এদিকে, হজ মৌসুমকে সামনে রেখে ওমরাহ ভিসার সময়সীমাও সীমিত করা হয়েছে। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসার আবেদন গ্রহণ বন্ধ হবে। ভিসাধারীদের ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে।

সবকিছু বিবেচনায় নিয়ে খরচ কমাতে ও ভোগান্তি এড়াতে আগেভাগেই ওমরাহর পরিকল্পনা ও বুকিং সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা।

এই সংবাদটি 180 বার পঠিত হয়েছে