ঢাকা |
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখায় অবাধে বিক্রি হচ্ছে অসুস্থ ও অর্ধমৃত গরুর মাংস। এ যেনো দেখার কেউ নেই। অভিযোগ রয়েছে, এসব নজরদারির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত মাসোয়ারা দিয়ে প্রশাসনের নাকের ডগায় অসাধু মাংস ব্যবসায়ীরা উপজেলার যত্রতত্র অবৈধ কসাইখানা খোলে অসুস্থ ও চোরাই গরুর মাংস বিক্রির মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। ১২ ফেব্র“য়ারি শুক্রবার সকালে মরা গাভীর মাংস বিক্রির অভিযোগে থানা পুলিশ উপজেলার রতুলিবাজার থেকে আব্দুল আজিজ নামের এক কসাইকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে শতাধিক কেজি গরুর মাংসও জব্দ করে পুলিশ। তবে তার সহযোগি আব্দুল বাছিত ও বলাই মিয়া পালিয়ে যায়। সূত্র জানায়, উপজেলার রতুলিবাজারের মাংস বিক্রেতা আব্দুল আজিজ সহযোগী আব্দুল বাছিত ও বলাই মিয়াকে নিয়ে রাতের আঁধারে নিজের বদ্ধ ঘরে গাভী জবাই করে সকালে বিক্রির জন্য ঝুলিয়ে রাখে। প্রত্যক্ষদর্শী জনৈক ব্যক্তি বিষয়টি টের পেয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আইনুল ইসলাম, সম্পাদক সাইদুল ইসলাম ও সাবেক সম্পাদক আব্দুল রাজ্জাককে অবহিত করেন। তারা সরেজমিনে পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই মোর্শেদ মাংস বিক্রেতা আব্দুল আজিজকে মাংসসহ আটক করে থানায় নিয়ে যান। আটক আব্দুল আজিজ জানায়, সে উপজেলার চান্দগ্রামের গরু ব্যবসায়ী এনাম উদ্দিনের লাইসেন্সে দোকান দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত এনাম উদ্দিন জানান, তিন বছর আগে তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আব্দুল আজিজ কিভাবে কসাইখানা চালাচ্ছে তার জানা নেই। নিয়মিত মাংস ক্রেতা মুমিন উদ্দিন, সায়ফুর রহমানসহ বিভিন্ন ব্যক্তি অভিযোগ করেন, পৌর শহরের উত্তর চৌমুহনী, পাখিয়ালা ও মধ্যবাজারের কসাইরা অসুস্থ গরু জবাই করে বিক্রি করেন। মূলত চান্দগ্রামের এনাম উদ্দিনের নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট উপজেলার বিভিন্ন অবৈধ কসাইখানায় অসুস্থ, চোরাই গরু ও গর্ভবতী গাভীর মাংস বিক্রি করছে। কসাইরা নিয়মবহির্ভূতভাবে পশু জবাই করে থাকে। ফলে দেখে বুঝার উপায় থাকে না সেগুলো জীবিত না মৃত পশুর মাংস। এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, অসুস্থ গরু কিংবা গাভী জবাই করার নিয়ম নেই। সব ধরনের গরু জবাইয়ের আগে প্রাণি সম্পদ কর্মকর্তা প্রদত্ত শারীরিক ফিটনেস গ্রহণের পর জনসমক্ষে একজন ইমাম দিয়ে জবাই করার নিয়ম রয়েছে। কোনো অবস্থায় বদ্ধ ঘরে জবাই করার নিয়ম নেই। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মাংসসহ একজন কসাইকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।