বিশ্বনাথে বাসিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বিশ্বনাথে বাসিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি | এস এ সাব্বির আহমদ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের মনজপুর গ্রামের আবিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মরদেহ বাসিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবিদুল ইসলাম মনজপুর গ্রামের দুলাল আহমদ ও রিপা বেগমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেল প্রায় ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায় আবিদুল ইসলাম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন, বাসিয়া নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে। পরে ডুবুরি দল এনে নদীতে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার (৬ জুন) সকাল প্রায় ৮টার দিকে বাসিয়া নদীর তীরে আবিদুল ইসলামের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজী মাহবুবুর রহমান। তিনি নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
আবিদুল ইসলামের বাবা-মা ও এলাকাবাসী জানান, তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা বলেন, আবিদুল ইসলাম সাঁতার জানত না। সে একটি মাদ্রাসার ছাত্র ছিল এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। অসাবধানতাবশত সাঁকো থেকে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ইচ্ছা প্রকাশ করা হলে এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লাশ উদ্ধারের তারিখ: ৬ জুন ২০২৬।

এই সংবাদটি 37 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ