নবীগঞ্জে জুমার নামাজ চলাকালীন মসজিদে হত্যাকাণ্ড, এক মুসল্লি নিহত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

নবীগঞ্জে জুমার নামাজ চলাকালীন মসজিদে হত্যাকাণ্ড, এক মুসল্লি নিহত

স্বপন রবি দাস, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে ঘটে গেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্থানীয় মুসল্লি ইমরুল মিয়া (৪০)।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বনগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমরুল মিয়া ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ইমরুল মসজিদে প্রবেশ করেন। নামাজ চলাকালীন সময়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে ইমরুলের ওপর নৃশংস হামলা চালান। গুরুতর আহত অবস্থায় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, মসজিদের ভেতরে নামাজ চলাকালীন এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা তাদের জীবনে প্রথম।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন,

> “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার পূর্বের জাবেদ হত্যাকাণ্ডের জের ধরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”

ধর্মীয় উপাসনালয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডে গোটা বনগাঁও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই সংবাদটি 195 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ