দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে একই পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ৬

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে একই পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ৬

 

দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি |

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও বৃদ্ধাসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে শালিক মিয়া ও হাসিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বশির উদ্দিনের সন্তানদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৪ এপ্রিল দেশীয় অস্ত্র—রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা ধনি মিয়া, নিজাম উদ্দিন ও মাসুক মিয়া (পিতা: মৃত সাইফুল্লাহ) অতর্কিতভাবে ওই পরিবারের ওপর হামলা চালায়।

হামলাকারীরা শালিক মিয়া ও তার ভাই-বোনদের লক্ষ্য করে নির্বিচারে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে আহতদের জখমের বিবরণ অনুযায়ী—
শালিক মিয়া (৪০)-এর বাম চোখে রামদা দিয়ে আঘাত এবং বুকের বাম পাশে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। হাসিনা বেগমের কপাল থেকে নাক পর্যন্ত গুরুতর জখম হয়েছে। রুকসানা বেগম (২৮)-এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। ফয়জুল মিয়া (২৫)-এর মাথার বাম পাশে, কানের ওপরের অংশে আঘাত করা হয়েছে। ময়ফুল বিবি (৭০)-এর মাথায় লাঠি ও রড দিয়ে আঘাত করা হয় এবং হাফসা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি 329 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ