ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি :
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্যা অবশ্যই আদায় করা হবে। যেসব ক্ষেত্রে সিলেটবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেসব খাতে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জামায়াতসহ ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, “আমি প্রধানমন্ত্রী হবো কি না—তার ফয়সালা আল্লাহর হাতে। তবে আল্লাহ চাইলে সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার অবসান ঘটবে।”
তিনি সিলেট অঞ্চলের প্রধান সমস্যাগুলোর কথা তুলে ধরে বলেন, নদ-নদীগুলো দখল ও দূষণে আজ কংকালে পরিণত হয়েছে। অন্যান্য দেশ যেভাবে নদীর স্বাভাবিক গতিপথ রক্ষা করে, জামায়াত ক্ষমতায় গেলে সিলেটের নদ-নদীও সেভাবেই রক্ষা করা হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, নামমাত্র আন্তর্জাতিক হলেও এটি এখনও পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সব ধরনের বিমান চলাচল সম্ভব হচ্ছে না। “আমরা ক্ষমতায় গেলে ওসমানী বিমানবন্দরকে একটি স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করবো।”
ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা উল্টো পথে হাঁটবো না। সিংহের মতো এগিয়ে যাবো। জামায়াত ক্ষমতায় গেলে ম্যানচেস্টার ফ্লাইট চালু হবেই, পাশাপাশি নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু করা হবে।”
প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, মুখে তাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও বাস্তবে সম্মান দেওয়া হয় না। প্রবাসে কেউ মারা গেলে লাশ দেশে আনার ক্ষেত্রেও চরম অবহেলা দেখা যায়। জামায়াত ক্ষমতায় গেলে মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে এবং কোনো প্রবাসী উপার্জনের আগেই মারা গেলে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে।
হাওরাঞ্চলের কৃষি ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে সুনামগঞ্জের ধান। অথচ দুর্নীতির কারণে হাওরের বাঁধগুলো দুর্বল থাকে। “আমরা দুর্নীতি বন্ধ করে সুনামগঞ্জকে দেশের কৃষিখাতের রাজধানী হিসেবে গড়ে তুলবো—ইনশাল্লাহ।”
দেশের সার্বিক দুর্নীতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে গড়ে ওঠা শোষণ ও দুর্নীতির ব্যবস্থা জামায়াত ক্ষমতায় গেলে স্থায়ীভাবে বন্ধ করা হবে। কোনো দপ্তরে দুর্নীতির সুযোগ থাকবে না।
তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশ থেকে প্রায় সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। “এই টাকা কৃষক-শ্রমিকের। আমরা ক্ষমতায় গেলে কোনো পাচারকারী শান্তিতে ঘুমাতে পারবে না।”
সবশেষে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের কোনো অঞ্চলই অবহেলিত থাকবে না। পিছিয়ে পড়া এলাকাগুলোকে এগিয়ে নিতে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
সভা শেষে সিলেট জেলার ছয়টি আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তিনি। এ সময় জেলা ও মহানগর জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ