অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব—ধান ঘরে তোলার আনন্দে মুখর গ্রামবাংলা

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব—ধান ঘরে তোলার আনন্দে মুখর গ্রামবাংলা

রাজু রবি দাস, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আজ কমলগঞ্জে নতুন ধান ঘরে তোলার শুভক্ষণ। অগ্রহায়ণ মাসের মসম বলেই আজকের দিনটি কৃষকদের জন্য বিশেষ। গ্রামের নানি-দাদিরা যাকে ‘আঘন মাস’ নামে ডাকতেন— সেই ধান কাটার মৌসুম এখন পুরোপুরি মাতিয়ে তুলেছে গ্রামবাংলাকে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যে জড়িয়ে থাকা এই নবান্ন উৎসব আজো একই আবেগে পালিত হচ্ছে।

অগ্রহায়ণের আভিধানিক অর্থ—যে সময়ে বছরের শ্রেষ্ঠ ব্রীহি বা ধান উৎপন্ন হয়। কৃষকরা বলেন, এ মাসে প্রচুর আমন ধান উৎপন্ন হওয়ায় এ মাসেই শুরু হয় নবান্ন উৎসব। নবান্ন মানে নতুন অন্ন; নতুন ধান কেটে ঘরে তোলার আনন্দই এই উৎসবের মূল।

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শস্যোৎসব নবান্ন। অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে সেই চাল দিয়ে প্রথম রান্না হিসেবে হয় গুড়ের পায়েস বা ক্ষীর। গ্রামে গ্রামে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে ভাগাভাগি করে খাওয়া—এই উৎসবের অন্যতম আনন্দ।

ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। এক প্রবীণ কৃষক স্মৃতিচারণ করে বলেন—
“আগে আমন ধান কাটতে গ্রামের যুবকরা দলবেঁধে মাঠে যেতাম। গান গাইতাম আর ধান কাটতাম। নবান্ন মানেই ছিল আনন্দের দিন।”

ছোটবেলার সেই অগ্রহায়ণ এখনো যেন প্রাণ জুড়িয়ে দেয় গ্রামের মানুষের মন।

এই সংবাদটি 184 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ