জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। বর্তমানে এলাকায় নিয়মিত ভোটারদের সাথে দেখাশুনা ও দোয়া চাচ্ছেন প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার (কানিশাইল), জাসদ নেতা ও ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আফজল হোসেন রফি (দত্তরাইল), বিএনপি গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল (রায়গড়), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমদ (নগর), জাতীয়পাটি গোলাপগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন (কানিশাইল), বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি খায়রুল হক (কানিশাইল), ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস মনসুর আহমদ (কানিশাইল), যুক্তরাজ্য প্রবাসী রফিক খান (সুনামপুর), যুবদল গোলাপগঞ্জ উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য জাকারিয়া আহমদ উজ্জ্বল (দত্তরাইল), প্রাক্তন ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল রহিম (নগর) প্রমূখ। আবার অনেক প্রার্থী নিজেকে আড়ালে রেখে প্রচারণায় নেমেছেন। ঢাকাদক্ষিণ ইউনিয়ন ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। ১১টি গ্রাম ও ৯টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২,০৭৩ জন। গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যখানে ঢাকাদক্ষিন ইউনিয়ন ইউনিয়ন অবস্থিত। এর পূর্বে কুশিয়ারা নদী, পশ্চিমে লক্ষণাবন্দ ইউনিয়ন, উত্তরে আমুড়া ইউনিয়ন এবং দক্ষিণে ভাদেশ্বর ইউনিয়ন অবস্থিত। উপজেলা সদর থেকে ইউনিয়নের দূরত্ব ৫ কিলোমিটার। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মেয়াদে যারা দায়িত্ব পালন করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মফিদ উদ্দিন আহমদ ধন মিয়া, কালীপদ দত্ত চৌধুরী, সহির উদ্দিন, সালাহউদ্দিন ফারুক, আব্দুল মতিন চান্দ মিয়া, আবুল বশর মোহাম্মদ সদর উলা চৌধুরী, সিরাজুল হক ফখরু মিয়া ও বর্তমান চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার। এছাড়াও আরো অনেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের চলছে আগাম প্রস্তুতি। আগামী এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ও নির্বাচনী তফশীল ঘোষণা করা না হলেও নির্বাচনকে সামনে রেখে ঢাকাদক্ষিন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ভোটযুদ্ধ মোকাবিলা করতে। পোস্টারে নিজের ছবি বড় করে ছাপিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া প্রার্থনা করছেন। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করে প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তারা। দান-দক্ষিণা করেও নিজের পুঁজি মজবুত করার চেষ্টা করছেন। সেই সাথে অনলাইন সোস্যাল মিডিয়া ফেইসবুকে ইউনিয়নবাসীদের মতামত জানতে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। এবার দলীয় প্রতিকে প্রথম বারের মত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রার্থীরা দলীয় সমর্থন নিজের দখলে রাখতে লবিংয়েও পিছিয়ে নেই তারা। প্রতিটি ইউনিয়নে সরকারীদল আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির একাধিক প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টি, জামায়াত ইসলামী ও প্রবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমজমাট ভোট যুদ্ধ ও একটি উৎসবমুখর নির্বাচনী অনুষ্ঠানের প্রতীক্ষায় রয়েছেন ইউনিয়নবাসী।