সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ফয়জুল হক শিমুল, সিলেট প্রতিনিধি : বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে সিলেটে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই নগরী জেগে ওঠে নাচ-গান, আনন্দ আর উৎসবের আবহে। নানা বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীর বিভিন্ন স্থান পরিণত হয় এক মিলনমেলায়।
সকালে ‘শ্রুতি সিলেট’-এর উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নতুন বছরকে সামনে রেখে সরকার সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়। তিনি আরও বলেন, অতীতে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, তারা এখনো নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের সচেতন জনগণ তাদের প্রতিহত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। একইসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন করা হচ্ছে।
এদিকে বর্ষবরণ উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সব মিলিয়ে উৎসব, আনন্দ আর নিরাপত্তার সমন্বয়ে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন করছে সর্বস্তরের মানুষ।

এই সংবাদটি 157 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ