সিলেটে ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপের নির্দেশ মন্ত্রীর

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬

সিলেটে ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপের নির্দেশ মন্ত্রীর

সিলেট প্রতিনিধি:
সিলেটে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা এলাকায় একটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনা দিনের বেলাতেও সংঘটিত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করণীয়, তা যেন বিলম্ব ছাড়াই করা হয়। ভবিষ্যতে এ ধরনের আর কোনো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, “আমরা সিলেটকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। তাই এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি।”
ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক পাড়ায় এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
প্রসঙ্গত, সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় ১০ দিনের ব্যবধানে সাগরদিঘীরপাড় এলাকায় একই ধরনের আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সর্বশেষ ছিনতাইয়ের ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে এবং শুক্রবার সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত দুটি ঘটনার কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই সংবাদটি 164 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ