এ বছর নোবেল বিজয়ী যারা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

এ বছর নোবেল বিজয়ী যারা

পদার্থবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন শাস্ত্র, শান্তি, অর্থনীতি এবং সাহিত্য- ছয়টি ক্ষেত্রেই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হয়ে গেছে। এ বছর যারা নোবেল পেলেন, জেনে নিই তাদের নাম।

পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন ব্রিটিশ বিজ্ঞানী:

তত্ত্বের মাধ্যমে পদার্থের টপোলজিক্যাল দশার দিশা দেখিয়ে পদার্থে বিজ্ঞানের নোবেল পেয়েছেন ডেভিড জে ফাউলেস, এফ ডানকেন হোলডেইন ও জে মাইকেল হসট্রলিজ। পুরস্কার জয়ী এই তিনজনই ব্রিটেনের নাগরিক।

চিকিৎসাবিজ্ঞানে জাপানি:

চিকিৎসা বিজ্ঞানের নোবেল জিতেছেন জাপানের ইয়োশিনোরি ওশুমি। জীবদেহের কোষ এবং কোষের বিকার নিয়ে গবেষণার জন্যে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

রসায়নে তিন দেশের তিনজন:

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এবার রসায়ন শাস্ত্রের নোবেল বিজয়ী হিসেবে তিন দেশের তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। তারা হলেন ফ্রান্সের জ‌্যঁ পিয়েরে সভেজ, যুক্তরাষ্ট্রের ফ্রেজার স্টডার্ট এবং নেদারল‌্যান্ডসের বার্নার্ড এল. ফেরিঙ্গা। মলিকিউলার মেশিন বা ন‌্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার জন্যে পুরস্কৃত করা হয় তাদের।

শান্তি পুরস্কার পেলেন হুয়ান মানুয়েল সান্তোস:

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে তার সরকার ফার্ক গেরিলাদের সঙ্গে যে শান্তিচুক্তি করেছিল তার জন্যেই তাকে এ পুরস্কার দেয়া হলো। নোবেল শান্তি কমিটি মনে করে, শান্তি স্থাপনের জন্যে ঐতিহাসিক এই উদ্যোগই বিশেষ স্বীকৃতি পাওয়ার উপযুক্ত। নোবেলে শান্তি পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি স্বর্ণপদক, সনদ ও ৮০ লাখ সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ৩২ হাজার ডলার) চেক। অর্থের পুরোটাই দান করবেন বলে ঘোষণা দিয়েছেন সান্তোস।

অর্থনীতির নোবেল জিতলেন দুজন:

অর্থনীতির নোবেল জিতলেন ব্রিটেনের নাগরিক অলিভার হার্ট ও ফিনল‌্যান্ডের বেঙ্কট হলস্ট্রম। অর্থশাস্ত্রের চুক্তিতত্ত্বে খুব গুরুত্বপূর্ণ অবদানের জন্যে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

সাহিত্যে নোবেল পেলেন সংগীতশিল্পী বব ডিলান:

সবাইকে বিস্মিত করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, লেখক বব ডিলান। যুক্তরাষ্ট্রের সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে দেয়া হলো এবারের সাহিত্য পুরস্কার। বব ডিলান জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২৪শে মে, মিনেসোটা রাজ্যে। মার্কিন লোকগায়ক উডি গুথ্রি ছিলেন তার একজন আদর্শ। সমসাময়িক কবি, গীতিকারদের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন তিনি। আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তার জনপ্রিয়তা। সমাজ, রাজনীতি, দর্শন ও সাহিত্যের নানা উপকরণ প্রভাবিত করে তার গানকে।

প্রসঙ্গত, ভালো কাজের জন্যে বৈশ্বিক এক পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন সুইডেনের রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল। স্বপ্ন পূরণের জন্যে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি উইল করে রেখে যান তিনি। ১৯০১ সাল থেকে দেয়া হচ্ছে ‘নোবেল’। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি- এই ছয়টি বিষয়ে দেয়া হয় এই পুরস্কার।

এই সংবাদটি 426 বার পঠিত হয়েছে