কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড়ে একটি খাবার হোটেলের তাওয়ার ওপর কুকুর !

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড়ে একটি খাবার হোটেলের তাওয়ার ওপর কুকুর !

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির জব্বারের মোড়ে একটি খাবার হোটেলের তাওয়ার ওপর মঙ্গলবার রাতে কুকুর শুয়ে থাকতে দেখা গেছে।

এদিকে বুধবার দুপুরে খাবার খাওয়ার সময় ডালের ভেতর তেলাপোকা পেয়েছেন বলে অভিযোগ করেন শহীদ নাজমুল আহ্সান হলের দুরন্ত নামের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী।

এঘটনায় বিকাল ৪টার দিকে হোটেলটি বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।

জানা গেছে, প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়স্থ ভাই ভাই হোটেলের তাওয়া বাইরে রেখেই তালা মারেন হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে তাওয়ার ওপর কুকুর শুয়ে থাকতে দেখা যায়। পরে তা ছবি তুলে রাখেন কোনো এক ব্যক্তি। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে হোটেলের মালিক কাজল গোস্বামী বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রতিদিন আমরা এভাবেই তাওয়া তালা দিয়ে বাইরে রেখে যাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাজার কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ দৌলা প্রধানের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। কিছুদিন আগেও হোটেলগুলোতে অভিযান চালিয়ে সতর্ক করেছিলাম। আমরা সরাসরি কোনো শাস্তি দিতে পারবো না।’

তবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে জরিমানা ও শাস্তির আওয়াতাই আনা হবে বলে তিনি জানান।

এদিকে বিকালেই সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম হোটেলে উপস্থিত হয়ে তা বন্ধের নির্দেশ দেন।

তিনি জানান, ছবিটি অস্পষ্ট থাকলেও হোটেল মালিক তার তাওয়ার ওপর কুকুর শুয়ে থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, খাদ্যের মান উন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোতে ঝটিকা অভিযান চালানো হয়। সে সময় হোটেলগুলোতে বহুদিনের পুরনো তেল, বাসি খাবার, নোংরা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন খাবারের অতিরিক্ত দাম রাখা হচ্ছিল।

এই সংবাদটি 891 বার পঠিত হয়েছে