‘সিগারেট থাকবে বিড়ি থাকবে না, “তা হবে না তা হবে না”

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

‘সিগারেট থাকবে বিড়ি থাকবে না, “তা হবে না তা হবে না”

রাজশাহী বিভাগীয় চীফ :
বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। একইসঙ্গে তারা বিড়ি শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে উল্লেখ করে বলেন, বিড়ি বন্ধ করলে সিগারেটকেও বন্ধ করতে হবে। এ সময় শ্রমিকেরা আওয়াজ তোলেন, সিগারেট থাকবে বিড়ি থাকবে না, তা হবে না তা হবে না।
রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, বাংলা বিড়ির ম্যানেজার শাহাদত হোসেন, আকিজ বিড়ির শ্রমিক প্রতিনিধি আহম্মদ জ্যাবিয়ার, শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিড়ি শিল্পের সাথে হাজার হাজার জড়িত শ্রমিকের পরিবার পরিজনদের কথা বিবেচনা করার দরকার সরকারের। একইসঙ্গে প্রতি হাজার বিড়িতে ষাট টাকা হাজিরা নির্ধারণের দাবি জানান শ্রমিকেরা। বক্তারা বলেন, বিড়ি দেশীয় কাঁচামালে তৈরি হয়, দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করেন তারা।
দুই ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।

এই সংবাদটি 489 বার পঠিত হয়েছে