মধু মাস আসার আগেই রাজশাহী বিভাগের বাজারগুলোতে ভারতীয় আম

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

মধু মাস আসার আগেই রাজশাহী বিভাগের বাজারগুলোতে ভারতীয় আম

এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ :

রাজশাহী  বিভাগগের বাজারগুলোতে মধু মাস আসার আগেই আগাম আম উঠতে শুরু করেছে। আমের পসরা সাজিয়ে রেখেছেন ফল ব্যবসায়ীরা। রাজশাহীর বাজারে এসব আম পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আসছে। যদিও রাজশাহী অঞ্চলের আম গাছগুলোতে শোভা পাচ্ছে আমের গুটি। ভারতীয় আমের রং হালকা হলুদ ও লালচে ধরনের হয়। আকারে আমগুলো বেশ ছোট। প্রতিকেজি আম ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও বিক্রি হচ্ছে আম। ফল ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় আমের স্বাদ টকমিষ্টি ধরনের। তবে ভারত থেকে প্রতি বছরই এসময় ভারতীয় আমের মধ্যে পিএম, তোতা পাখি ও গোলাপ খাস আম পাওয়া যায়। তবে এখন শুধু পিএম জাতের আম বাজারে বেশি পাওয়া যাচ্ছে। নগরীর বিভিন্ন ফলের দোকানে বিক্রি হচ্ছে ‘ইন্ডিয়ান পিএম’ জাতের আম। তবে বাজারের সব ফলের দোকানে আম পাওয়া না গেলেও বেশ কয়েটি দোকানে আমের দেখা মেলে। এছাড়াও মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি জনবহুল স্থান সাহেববাজার, বাস টার্মিনাল, রেলগেট শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর, কোর্ট বাজার ও কাদিরগঞ্জ এলাকায় আম পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান আম কিনতে আসা ক্রেতা ইমদাদ বলেন, বছরের নতুন ফল আম, খেতে ভালোই লাগে, তাই একটু দাম বেশি হলেও কিনলাম বাড়ির জন্য। এছাড়া আমাদের দেশের আম আরো দুই থেকে তিন মাস পরে বাজারে পাওয়া যাবে। নগরীর সাহেববাজার বড় মসজিদ একজন ফল ব্যবসায়ী বলেন, আমাদের দেশে কেবল আমের গুটি ধরেছে। এখনো আম বড় হয়নি। তাই প্রত্যেক বছর দেশি আম বাজারে ওঠার আগেই ভারতীয় আম আমদানি হয়। ভারতীয় এসব জাতের আম টক মিষ্টি। তবে দাম একটু বেশি হলেও ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন।

এই সংবাদটি 388 বার পঠিত হয়েছে