ঢাকা |
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬
সিলেট প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি সিলেটবাসীকে ভবিষ্যতের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের আন্দোলনে অংশ নেওয়া কিছু রাজনৈতিক শক্তি আবারও অতীতের স্বৈরাচারী শাসনের ধারা অনুসরণ করছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এ অবস্থায় জনগণ অন্যায়ের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের রায়ের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবেন না এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করবেন।
সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সমালোচনা করে জামায়াত আমীর বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চললেও মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। তিনি সরকারের প্রতি দ্রুত সড়কের কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান।
এছাড়া সিলেটে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিদ্যমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে কার্যকরভাবে চালুর দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, শিক্ষা খাতের উন্নয়নে এসব উদ্যোগ জরুরি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, তাদের আরও বেশ কিছু ন্যায্য দাবি রয়েছে। বর্তমান সরকার সেগুলো বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে এসব দাবি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
সমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগের চার জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে শুক্রবার (২৪ জুলাই) জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর দেওয়া অঙ্গীকার ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার সরে আসছে। এর প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।