আহমদ আলী হেলালীর দুঃখ প্রকাশ ও বক্তব্যের ব্যাখ্যা

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

আহমদ আলী হেলালীর দুঃখ প্রকাশ ও বক্তব্যের ব্যাখ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে মাওলানা আহমদ আলী হেলালী’র বক্তব্যের একটি অংশ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তিনি দায়িত্বশীলতার জায়গা থেকে কিছু কথা স্পষ্ট করতে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন,  আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমার বক্তব্যের উদ্দেশ্য কখনোই বিদায়ী জেলা প্রশাসক মহোদয়ের বিরুদ্ধে ব্যক্তিগত, প্রশাসনিক বা অসম্মানজনক কোনো মন্তব্য করা ছিল না। বরং আমি একটি সামগ্রিক বিষয়ের প্রেক্ষাপটে আমার মতামত তুলে ধরেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ভিডিওটিতে আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে কেবল একটি অংশ প্রচার করা হয়েছে। ফলে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ধারাবাহিকতা মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপিত হয়নি এবং অনেকের কাছে ভিন্ন অর্থে প্রতীয়মান হয়েছে।

তিনি বিবৃতিতে বলেন, আমার বক্তব্যে এটিও বোঝাতে চেয়েছিলাম যে, জেলা প্রশাসক মহোদয় যদি কোনো বিষয়ে, এমনকি মাজার-সংক্রান্ত কোনো হিসাব বা তথ্য জানতে চান, সেটি তাঁর প্রশাসনিক দায়িত্ব ও আইনগত অধিকারের মধ্যেই পড়ে। আমি এই বিষয়টিকে একটি সাধারণ নীতিগত আলোচনা হিসেবে উপস্থাপন করেছিলাম। কিন্তু বক্তব্যের ওই অংশটি বিচ্ছিন্নভাবে উপস্থাপিত হওয়ায় এমন ধারণা সৃষ্টি হয়েছে যেন আমি জেলা প্রশাসক মহোদয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, যা মোটেও আমার উদ্দেশ্য ছিল না। তবুও, আমার বক্তব্যের কারণে যদি বিদায়ী জেলা প্রশাসক মহোদয়, প্রশাসনের কোনো কর্মকর্তা, মাজার-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সাধারণ মানুষের মনে কষ্ট, বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মানুষ হিসেবে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতে পারে। আমার বক্তব্য বা শব্দচয়নে যদি কোনো অসাবধানতা থেকে থাকে, তাহলে আমি মহানুভবতার সঙ্গে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত আবেদন জানাচ্ছি।”

মাওলানা আহমদ আলী হেলালী বলেন, সবসময় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক সম্প্রীতি এবং আইন ও প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের মর্যাদা ক্ষুন্ন করা আমার উদ্দেশ্য ছিল না এবং ভবিষ্যতেও কখনো হবে না। তিনি আশা করেন, সবাই তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করবেন এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সহযোগিতা করবেন।

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের ওপর অটল থাকার এবং পরস্পরের প্রতি ন্যায়বিচার, সৌহার্দ্য ও সহমর্মিতা প্রদর্শনের তাওফীক দান করুন। আমীন।

এই সংবাদটি 183 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ