কর্তৃপক্ষের উদাসীনতায় বিয়ানীবাজার পৌর এলাকাসহ উপজেলার সকল সড়কগুলোর বেহাল দশা

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

কর্তৃপক্ষের উদাসীনতায় বিয়ানীবাজার পৌর এলাকাসহ উপজেলার সকল সড়কগুলোর বেহাল দশা

স্টাফ রিপোর্টার:
সরকারি অর্থ ব্যয় হলেও শুধুমাত্র অপরিকল্পিত এবং দায়সারা গোছের ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই বিয়ানীবাজার পৌর শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে ডোবায় পরিণত হচ্ছে। সড়কের দুরবস্থার কারণে নাকাল হয়ে পড়েছেন শহরবাসী। এসব সড়ক দিয়ে মানুষ তো দূরের কথা যানবাহন চলাচলও দায় হয়ে পড়েছে।
পৌর শহরের ব্যস্ততম কলেজ রোড মোড়ে অপরিকল্পিত সবজি ও মাছ বাজার গড়ে উঠায় রাস্তার উপর নোংরা পানি ও আবর্জনায় সাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কলেজ রোড মোড় থেকে পোষ্ট অফিস পর্যন্ত সড়কটির পাশে পানি প্রবাহের ব্যবস্থা না রেখেই অপরিকল্পিত ড্রেন নির্মাণের ফলে সামান্য বৃষ্টিতেই ময়লা-দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়ক জুড়ে জমে ডোবায় পরিণত হচ্ছে।

একইভাবে নিমতলা, থানার নিচ, মুক্তিযোদ্ধা অফিসের সামন, মোকাম মসজিদের সামন, কলেজ রোড পর্যন্ত সড়কটিরও একই অবস্থার কারণে পথচারীদেরকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি বেয়ে চলাচল করতে হচ্ছে ওই সড়কপথে।
বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬০ ভাগ সড়কেরই বেহাল দশা দীর্ঘদিন থেকে। কিন্তু সংশ্লিষ্টরা ভাঙাচোরা রাস্তা মেরামতে কার্যকর উদ্যোগ না নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে।
ফলে এরূপ রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ দীর্ঘদিন থেকে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা নেই। ভুক্তভোগী জনগণ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো ফলাফল পাচ্ছেন না।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী বলেন, গ্রামীণ রাস্তাগুলোর সংস্কারকাজ নিয়ে ২০ জুলাই আমাদের বৈঠক হয়েছে। অচিরেই এ সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।

এই সংবাদটি 553 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ