ভেজাল পণ্যে বিয়ানীবাজার সয়লাব

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

ভেজাল পণ্যে বিয়ানীবাজার সয়লাব

বিয়ানীবাজার সংবাদদাতা :: ভেজাল পণ্যে ছেয়ে গেছে বিয়ানীবাজারের হাটবাজার।
মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে উপজেলার
বাজারগুলোতে। বিএসটিআই’র অনুমোদনবিহীন পণ্যের রমরমা ব্যবসা চলছে।
শহরের প্রতিটি দোকানে শোভা পাচ্ছে হাজারো রকমের খাদ্য পণ্য। বিএসটিআই’র
অনুমোদন থাকলেও মেয়াদোত্তীর্ণ জিনিসপত্রের উৎপাদনের তারিখ ও মেয়াদকাল
উল্লেখ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সকল
পণ্যে এ অবস্থা বিদ্যমান।

অভিজাত হোটেল রেস্তোরাসহ রাস্তার আশপাশের রেস্টুরেন্টগুলোতে অখাদ্য খাবার
পরিবেশন চলছে অনায়াসে। পচা-বাসি খাবারসহ বহুবার ব্যবহৃত ভোজ্যতেল খাবার
তৈরীর কাজে ব্যবহার চলছে। হোটেলে পরিবেশন করা হচ্ছে দূষিত পানি। আবার
কিছু কিছু চায়ের দোকানে পুকুরের পানি ব্যবহার করা হচ্ছে।

অবহেলায় তৈরী খাবারগুলো ইচ্ছেমত দামে বিক্রি চলছে।
ভেজাল খাবার তৈরীতে বেকারিগুলোর স্থান সবার উপরে। নষ্ট কেমিক্যাল আর
পুরনো আটা ময়দা এবং পঁচা সবজি, তরকারি দিয়ে এসব খাদ্য তৈরী হচ্ছে। তেলের
মধ্যে ব্যবহার করা হচ্ছে বহুবার ব্যবহৃত পুরনো তেল। তাও পাম্প তেল। খাবার
তৈরীর কাজে জড়িত শ্রমিকদের গায়ের ঘাম টপ টপ করে পড়ছে খাবারে। খাবার
তৈরীতে তেমন যতনো নেয়ার প্রয়োজনের বিষয়টি যেন তাদের জানা নেই। অনেক মালিক
শ্রমিক দেখা গেছে নিজেদের তৈরী খাবার নিজেরাই খাচ্ছেন না।বিয়ানীবাজারের
কয়েকটি হোটেল রেস্তোরায় দই তৈরীর বিষয়টি সাধারণ ক্রেতাদের ক্ষেপিয়ে
তুলেছে।
ঔষধপত্র বিক্রেতার হাঁকানো দামে কিনতে হয়। বিয়ানীবাজার শহরে বৈধ আর অবৈধ
মিলে অসংখ্য ফার্মেসি রয়েছে। এসব দোকানে ওষুধ কিনতে
ডাক্তারের ব্যবস্থাপত্রের প্রয়োজন হয় না। ড্রাগ জাতীয় ওষুধগুলো টাকা
দিলেই পাওয়া যায়। এসব নেশা জাতীয় ওষুধ খেয়ে শহরের উঠতি বয়সের ছেলে-মেয়েরা
অস্বাভাবিক পথে পা বাড়াচ্ছে। হরেক রকমের নেশা
জাতীয় ওষুধ অবাধে বিক্রি চলছে।
নেশা জাতীয় ওষুধ খেয়ে পাগল হয়েছে এমন নজিরও বহু রয়েছে। তাছাড়া বেশিরভাগ
ওষুধের প্যাকেটে উৎপাদন তারিখ আর মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে না। এক
শ্রেণীর অসাধু ব্যবসায়ী অল্প দামে সংগ্রহ করতে পারে বলে এসব ওষুধ বিক্রি
করছে। এগুলো দেখার যেন কেউ নেই। বিশেষ করে ওষুধে ক্রেতারা দামাদামি করতে
চায় না। কিন্তু শহরাঞ্চলের ফার্মেসিগুলোতে বিক্রেতার ইচ্ছেমত দামে ওষুধ
বিক্রি চলছে।

ফল ব্যবসায়ীরাও ভেজাল ছাড়া ফল বিক্রি করতে নারাজ।
কৃত্রিম উপায়ে পাকানো কলা,  আপেল, আঙ্গুর বিক্রি করে ব্যবসায়ীরা
ক্রেতাদের প্রতারিত করছে। টকটকে হলুদ ও লাল করে দৃষ্টিনন্দন করছে। ফলের
কোন স্বাদ ক্রেতারা পাচ্ছেন না। বরং স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর।
রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিম উপায়ে কাঁচা ফল পাকিয়ে বিক্রি হচ্ছে। আর
এগুলো খাওয়া মানে জেনেশুনে বিষ পান করা। রাসায়নিক দ্রব্য মিশ্রিত এসব ফল
খেয়ে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে। দেশের ঐতিহ্যবাহী ফলমূল যদি ভেজাল
ও ক্ষতিকর হয় তবে তার চেয়ে উদ্বেগজনক বিষয় আর কিছু হতে পারে না।
তবে কাঁচা তরি-তরকারির দোকানগুলোতে দাম অগ্নিমূল্য হলেও ভেজালের কোন আভাস
পাওয়া যায়নি। ভেজাল বিক্রির জন্য এক নম্বরে রয়েছে মুদির দোকানগুলো। এখানে
প্রতিটি ক্ষেত্রে ভেজাল আর ভেজাল। এমনকি চালের মধ্যে ভেজালের
প্রতিযোগিতা। ক্রেতারা জানান, অল্প দামী চালের সাথে বেশি দামী চাল মিশিয়ে
চড়া দামে বিক্রি করছে। তাছাড়া পাথর ছাড়া চাল পাওয়া মুশকিল। এ ছাড়া মরিচের
গুড়া ,হলুদ গুড়া ও ধনিয়া গুড়া বিক্রি হচ্ছে প্রকাশ্যে। বিএসটিআই এর
অনুমতি ছাড়া মুদির দোকান গুলোর মালিকরা এসব বিক্রি করছেন।
এ গুলো সাদা পলির মধ্যে পেকেট করা হয় নোংরা পরিবেশে। স্বাস্থ্যসম্মত না
হওয়া ক্রেতারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। মাছ-মাংস জাতীয় পণ্য
কিনলেই ঠকা খাচ্ছে ক্রেতারা। এ সেক্টরের সবচেয়ে বড় সমস্যা মাপে কম।
ক্রেতার সামনে মাপার সময় পাল্লার কাঁটা ঠিক থাকলেও অন্য পাল্লায় মাপলেই
জিনিসের ওজন কম হয়। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মাছ-মাংস জাতীয় দ্রব্য
বিক্রেতারা অভিনব কৌশলে পরিমাপে পারদর্শী।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামান বলেন, উপজেলা
প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এতে জরিমানাসহ কঠোর
নির্দেশনা দেয়া হয়। অচিরেই বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা
করা হবে।

এই সংবাদটি 1225 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ