ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ পূণর্বহাল:হাইকোর্টে বরখাস্তাদেশ স্থগিত

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ পূণর্বহাল:হাইকোর্টে বরখাস্তাদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার : ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের উপর আরোপিত বরখাস্তাদেশ স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। গত ৮ সেপ্টেম্বর এক আদেশে মহামান্য হাইকোর্ট সাইফুল্লাহ আল হোসাইনের উপর আরোপিত সাময়িক বরখাস্তাদেশ ৬ মাসের জন্য স্থগিত করে দেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের আহমদ চৌধুরী ও মো: আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চ উপরোক্ত আদেশ দেন। ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালনে সাইফল্লাহ আল হোসাইর আর কোন প্রতিবন্ধকতা নেই।

গত ৮ সেপ্টেম্বর সাইফুল্লাহ আল হোসাইন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন (নং-১২০৩৩/২০১৬) করেন। রীট পিটিশনে সাইফুল্লাহ আল হোসাইন, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ (সংশোধন) আইন (২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ (১) ধারা অনুসারে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তাদেশ চ্যালেঞ্জ করেন। রীট পিটিশনে সচিব স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, সচিব নির্বাচন কমিশন, সিনিয়র সহকারী সচিব স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বিভাগীয় কমিশনার সিলেট ও জেলা প্রশাসক সিলেট কে বিবাদী করা হয়।
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গঠিত বেঞ্চ ঐদিনই শুনানী করেন। শুনানী শেষে হাইকোর্টের বেঞ্চ রুল জারী করেন। রুলে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের উপর জারিকৃত সাময়িক বরখাস্তাদেশ স্থগিত করা হয়। একই সাথে , এই বরখাস্তাদেশ কেন অবৈধ নয় এই মর্মে জবাব দিতে বিবাদীদের নির্দেশ প্রদান করা হয়।
প্রসঙ্গত: গত ১০ এপ্রিল স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনেকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
উল্লেখ্য, সাইফুল্লাহ আল হোসাইন ২০০৯ সালের ২২ জানুয়ারী অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সততা ও কর্মনিষ্ঠায় এলাকার আবালবৃদ্ধবনিতার কাছে অতিপ্রিয় নেতা হিসেবে খ্যাতি লাভ করেন।

এই সংবাদটি 956 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ