ঢাকা |
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফল। এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। রমজান মাসে বাজারে প্রচুর ফল উঠলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ফরমালিন মিশ্রিত এসব ফল খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু ফরমালিন পরীক্ষার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও এ উপজেলায় এর কোনো প্রভাব পড়েনি। সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফল। ক্রেতারা বাড়তি পুষ্টির আশায় প্রতিদিন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, মাল্টা, আনারসসহ বিভিন্ন রকম ফল কিনছেন। এসব ফল ফরমালিন নামের বিষ মিশিয়ে বিক্রয় করা হচ্ছে। যাতে ফলে পচন না ধরে। ফলে সচেতনদের অনেকেই ফরমালিন আতংকে এ ফল কিনতে আগ্রহী হচ্ছে না। আবার অনেকেই না জেনে না বুঝে এসব ফল খেয়ে অসুস্থ হচ্ছেন। কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ফল কিনতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন, কোন ফলে ফরমালিন আছে আমরা তো জানি না। প্রশাসন প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করত, তাহলে আর ভেজাল কোনো পণ্য বাজারে বিক্রয় হতো না। আমাদেরও কোনো ফরমালিনযুক্ত ফলমূল কিনতে হতো না। এ ব্যাপারে আলাপকালে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমাদের ফরমালিন পরিমাপের কোনো যন্ত্র নেই। ফলে বাজারে যেসব ফল বিক্রি হচ্ছে তা ফরমালিনমুক্ত কি-না তা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই কমলগঞ্জের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।