বিলুপ্তপ্রায় সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠা

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

বিলুপ্তপ্রায় সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠা

প্রাচীন ঐতিহ্য সিলেটের পিঠে-পুলির অন্যতম চুঙ্গাপিঠা বা চুঙ্গাপোড়া। এ সময় বাজারে মাছের মেলাও বসে। হাওর নদীর বড় বড় রুই-কাতলা, বোয়াল, কঁই, মাগুর মাছ হালকা মসলা সহযোগে ভাজাকে মাছ বিরান বলে। আর সেই মাছ বিরান দিয়ে চুঙ্গা পিঠা খাওয়া ছিলো এক কালে সিলেটের ঐতিহ্য। বাড়ীতে মেহমান বা নতুন জামাইকে শেষ পাতে চুঙ্গা পিঠা মাছ বিরান আর নারিকেলের মিঠা, বা ক্ষিরসা পরিবেশন না করলে বড়ই লজ্জার কথা ছিলো।
কিন্তু এখন আর সে দিন নেই। চুঙ্গা পিঠা তৈরীর প্রধান উপকরন ঢলু বাঁশ ও বিরন চালের ( বিন্নি) সরবরাহ এখন অনেক কমে গিয়েছে। বড়লেখা,পাথরিয়া পাহাড়, রাজনগড় উপজেলার বিভিন্ন চা-বাগানের টিলায়, কুলাউড়ার গাজীপুরের পাহাড়, শ্রীমঙ্গলের কালাপুর পাহাড় ও জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ীতে প্রচুর ঢলুবাঁশ উৎপাদন হতো। চুঙ্গাবাড়ী এক সময় ঢলুবাঁশের জন্য প্রসিদ্ধ ছিলো। এখন বনাঞ্চল উজাড় হয়ে হারিয়ে যাচ্ছে ঢলুবাঁশ। ঢলুবাঁশ ছাড়া চুঙ্গাপিঠা তৈরী করা যায়না। কারণ ঢলুবাঁশে এক ধরনের তৈলাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে, যা আগুনে বাঁশের চুঙ্গাকে না পোড়াতে সাহায্য করে। ঢলুবাঁশে অত্যধিক রস থাকায় আগুনে না পুড়েই ভেতরের পিঠা আপনাআপনি সিদ্ধ হয়। ঢলুবাঁশের চুঙ্গা দিয়ে ভিন্ন স্বাদের পিঠা তৈরি করা হয়। কোনো কোনো মহিলা চুঙ্গার ভেতরে বিন্নি চাল, দুধ, চিনি, নারিকেল ও চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করেন। পিঠা তৈরি হয়ে গেলে মোমবাতির মতো চুঙ্গা থেকে আলাদা হয়ে যায়। চুঙ্গা পিঠা পোড়াতে খড়ের প্রয়োজন হয়।

এই সংবাদটি 1037 বার পঠিত হয়েছে