ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
মারাত্মক চোটে পড়ায় ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না লিভারপুল ও ফ্রান্সের ফরোয়ার্ড উগো একিতিকের। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পরশু রাতে ফিরতি লেগে পিএসজির বিপক্ষে ম্যাচে পায়ে বড় রকমের চোট পান একিতিকে। তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবরটি গতকাল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন।
ফিরতি লেগ ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের নিচের অংশে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী একিতিকে। এরপর আর খেলতে পারেননি। ২২ মিনিটে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, তাঁর অ্যাকিলিস টেন্ডন মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। একিতিকের ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। অন্তত ৯ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ।
সূত্রটি ইএসপিএনকে আরও জানিয়েছে, মাঠে লুটিয়ে পড়ার আগে নিজের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দ শুনতে পান একিতিকে। চোটটি কতটা গুরুতর এবং টেন্ডন পুরোপুরি নাকি আংশিক ছিঁড়েছে, সেটা নিশ্চিত হতে গতকাল তাঁর পায়ে স্ক্যান করা হয়। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেলে সাধারণত এই চোট থেকে সেরে উঠতে ৯ থেকে ১২ মাস সময় লাগে। লিভারপুল তাঁর চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইএসপিএনকে সূত্র জানিয়েছে, একিতিকের অস্ত্রোপচার এবং পরবর্তী পুনর্বাসনপ্রক্রিয়া নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এরই মধ্যে কাজ শুরু করেছে।
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে দেশম বলেন, ‘দুর্ভাগ্যবশত চোটের ধরন এতটাই গুরুতর যে একিতিকে লিভারপুলের হয়ে এই মৌসুম শেষ করতে পারবে না। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই চোট তার জন্য বড় ধাক্কা, একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলের জন্যও। আমি এবং দলের কোচিং স্টাফের সবাই তার পাশে আছি।’
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে গত গ্রীষ্মে ৭ কোটি ৯০ লাখ পাউন্ডে অ্যানফিল্ডে যোগ দেন একিতিকে। লিভারপুলের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ৬ গোল করিয়েছেন। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স জাতীয় দলে তাঁর অভিষেক হয়। এর পর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলেছেন। ফ্রান্সের হয়ে ৮ ম্যাচে করেছেন ২ গোল, ১টি গোল বানিয়েছেন।
অ্যানফিল্ডে গত মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিভারপুল কোচ আর্নে স্লট একিতিকের চোট নিয়ে বলেন, ‘চোটটি বেশ গুরুতর মনে হচ্ছে, তবে সেটা কতটা, তা এখনই বলা কঠিন।’
এবারের মৌসুমটা লিভারপুলের জন্য মোটেও ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম দলটি এবার কোনো শিরোপা জয় ছাড়াই মৌসুম শেষ করবে। লিভারপুলের এই বিপর্যয়ের অন্যতম কারণ ইনজুরি। স্লট বলেছেন, ‘চলতি মৌসুমে আমাদের অনেক খেলোয়াড় হারাতে হয়েছে। তবে একিতিকের জন্য এটি বেশি কষ্টের। কারণ, মৌসুমের এই সময়ে কেউই চোটে পড়তে চায় না।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।