যুক্তরাষ্ট্র–ইরানের ঐতিহাসিক বৈঠকের অন্দরমহল কেমন ছিল

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র–ইরানের ঐতিহাসিক বৈঠকের অন্দরমহল কেমন ছিল

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বহুল আলোচিত ও ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদের ‘সেরেনা হোটেল’-এ। আলোচনার সুবিধার্থে হোটেলের কক্ষগুলোকে সাজানো হয়েছিল বিশেষভাবে।

হোটেলের লবি–সংলগ্ন একটি ছোট কনফারেন্স রুম, যার নাম ‘ফয়সালাবাদ রুম’, সেখানেই মূল আলোচনা হয়। সাধারণত দাপ্তরিক কাজের জন্য এ কক্ষটি ব্যবহৃত হলেও বৈঠকের সময় সরিয়ে ফেলা হয় এর ভেতরে থাকা বড় টেবিল ও চেয়ারগুলো। সেখানে প্রতিনিধিদের বসার জন্য ব্যবস্থা করা হয় আরামদায়ক সোফা ও লাউঞ্জ সিটিংয়ের।

পুরো হোটেলকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছিল। একটি অংশ বরাদ্দ ছিল মার্কিন প্রতিনিধিদের জন্য, একটি ইরানিদের জন্য এবং অন্য অংশটি ছিল যৌথ আলোচনার জন্য।

হোটেলের নিচতলার একটি কক্ষকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যক্তিগত অফিসে রূপ দেওয়া হয়েছিল। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের প্রধান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হোটেলের একটি কক্ষকে অফিস হিসেবে ব্যবহার করেছেন।

তবে ইরানি প্রতিনিধিরা হোটেলে কাজ করলেও তাঁরা অবস্থান করেন পাশের ‘ম্যারিয়ট হোটেল’-এ।

সেরেনা হোটেলের একটি বড় হলে বিশাল ত্রিভুজাকার টেবিল বসানো হয়েছিল। যদি কোনো চুক্তি সই হতো, তবে এ হলেই তা ঘোষণা করার কথা ছিল। তবে কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত হলটি আর ব্যবহার করা হয়নি।

নিরাপত্তার জন্য হোটেলের ভেতর মোবাইল ফোনের ব্যবহার ছিল নিষিদ্ধ। আলোচনার পুরো সময় হোটেলকে সাধারণ অতিথিদের জন্য বন্ধ রেখে একটি সুরক্ষিত দুর্গে পরিণত করা হয়েছিল।

এই সংবাদটি 110 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ