জুড়ীতে চা বাগানের টাকা ছিনতাইয়ের নাটক, শ্রমিকরা বিক্ষোব্ধ

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

জুড়ীতে চা বাগানের টাকা ছিনতাইয়ের নাটক, শ্রমিকরা বিক্ষোব্ধ

জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা বাগানের ব্যবস্থাপক মালেক নেওয়াজ ওয়াইজ’র বিরোদ্ধে বাগানে রেশন সরবরাহকারীর বকেয়া টাকা পরিশোধ করে টাকা ছিনতাইয়ের গুজব ছড়িয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাগানে যাওয়ার পথে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের খবরে শুক্রবার (২১ অক্টোবর) সকালে কয়েকশ’ বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে থানা প্রাঙ্গণে সমাবেশ করে। পুলিশের এএসপি (কুলাউড়া সার্কেল), উপজেলা ভাইস চেয়ারম্যান, চা শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার পর শ্রমিকরা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সূত্র জানায়, জুড়ী উপজেলা সদরের ব্যবসায়ী রুসমত আলম ধামাই চা বাগানে শ্রমিক রেশন (চাল ও আটা) সরবরাহ করে থাকেন। গত তিন বছরে বাগানে তার ২৪ লাখ ৮১ হাজার ৪শ’ টাকা আটকা পড়ে। টাকা পরিশোধের একাধিক তারিখ করেও বাগান কর্তৃপক্ষ তা দেয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার টাকা পরিশোধের কথা থাকলেও ম্যানেজার মালেক নেওয়াজ ওয়াইজ ব্যাংক থেকে শ্রমিক-কর্মচারীর বেতনের ১৫ লাখ ৭০ হাজার টাকা তোলে রুসমত আলমের সাথে যোগাযোগ না করেই বাগানে রওয়ানা দেন। এ সময় রুসমত আলম পাওনা টাকা পরিশোধের তাগদা দেন। ম্যানেজার ব্যাংক থেকে তোলা সমুদয় টাকা দিয়ে বাগানে চলে যান। বাগানে গিয়ে ম্যানেজার গুজব ছড়ান যে,রুসমত আলম দলবল নিয়ে বাগানের টাকা ছিনতাই করেছেন। এমন সংবাদ জানার পর বাগানের শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে কয়েকশ’ শ্রমিক-কর্মচারী থানা ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশের এএসপি (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি,পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন মইজন, চা শ্রমিক নেতা যাদব, সেভেন নায়েক, মনা রুদ্র পালসহ অন্যান্য নেতৃবৃন্দ ওসি’র কার্যালয়ে বাগান ব্যবস্থাপক মালেক নেওয়াজ ও রেশন সরবরাহকারী রুসমত আলমের সাথে বৈঠক করে আসল ঘটনা জানতে পারেন।

এএসপি (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার জানান, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা ছিলো না। ছিনতাইয়ের গুজব ছড়িয়ে শ্রমিকদের উত্তেজিত করার চেষ্টা চালানো হয়। উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমঝোতা হয়েছে। রেশন সরবরাহকারী রুসমত আলম জানান, তার দোকানে গিয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ম্যানেজার বাগানে গিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিশৃঙ্ক্ষলা সৃষ্টির চেষ্টা চালান। পুলিশ ও জনপ্রতিধির মাধ্যমে বকেয়া পাওনা পরিশোধের ব্যাপারে তার সাথে বাগানের সমঝোতা হয়েছে। পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের বৈঠকে রেশন সরবরাহকারী রুসমত আলমকে টাকা পরিশোধ করে বাগানে গিয়ে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও ম্যানেজার মালেক নেওয়াজ ওয়াইজ জানান, অজ্ঞাত ব্যক্তিরা বাগানের প্রায় ১৬ লাখ টাকা ছিনতাই করেছে। এ খবরটি ছড়ালে শুক্রবার সকালে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিক-কর্মচারীরা থানা ঘেরাও করে রাখে।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে